তৃণমূলের একটি অংশের সমালোচনার জবাবে নিজের পদত্যাগের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। একই সঙ্গে দলের অভ্যন্তরীণ বিরোধ ও নিজের বিরুদ্ধে চলা ‘রাজনৈতিক ষড়যন্ত্রের’ নিরপেক্ষ তদন্ত এবং ন্যায়বিচারের জন্য দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে আদিতমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে ‘কর্মী মূল্যায়ন সভায়’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বাবুল বলেন, ‘আজকের এই মঞ্চে উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্ব উপস্থিত আছেন। তারা যদি তৃণমূলের নেতা না হন, তবে কি ওই গুটিকয়েক লোকই তৃণমূল?’
তিনি আরও বলেন, ‘যারা নিজেদের তৃণমূল দাবি করে আমাকে অযোগ্য আখ্যা দিচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমাদের দলীয় চেয়ারম্যান ও সম্মানিত প্রধানমন্ত্রী যদি মনে করেন আমি অযোগ্য এবং আমাকে পদত্যাগ করতে নির্দেশ দেন, তাহলে এক মুহূর্তও বিলম্ব না করে আমি পদত্যাগ করব।’
নিজের বিরুদ্ধে চলা অপপ্রচারের বিচার দাবি করে বাবুল বলেন, ‘আমি দেশের প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি, তিনি যেন নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ওপর চলা এই দীর্ঘদিনের নোংরা রাজনৈতিক চক্রান্তের ন্যায়বিচার করেন।’
ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে দলীয় মনোনয়ন দেয়ার সময়ও একটি মহল নানা ধরনের চক্রান্ত ও বিষোদগার করেছিল।’ তবে দলীয় নেতৃত্ব সঠিক তদন্তের মাধ্যমে সত্য অনুধাবন করে তাকে মনোনয়ন দিয়েছিল বলে দাবি করেন তিনি।
বাবুল বলেন, ‘নির্বাচন শেষ হলেও ওই মহল থেমে নেই। তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তার দাবি, এসব কর্মকাণ্ড শুধু তার ব্যক্তিগত ক্ষতিই করছে না, শহীদ জিয়াউর রহমানের পরিবারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে।’
তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা সবসময় সজাগ, সতর্ক ও ইস্পাতকঠিন ঐক্যবদ্ধ থাকবেন। কোনো অপশক্তি বা চক্রান্তকারী শহীদ জিয়ার পরিবারের আদর্শ, আমাদের অস্তিত্ব এবং আমার মর্যাদা ক্ষুণ্ন করতে পারবে না।’
এর আগে সভার শুরুতে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
সভায় বক্তব্য দিতে গিয়ে তৃণমূলের কয়েকজন নেতা দাবি করেন, নির্বাচনের আগে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম দলীয় মনোনয়ন না পাওয়ার পর স্থানীয় বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। তাদের ভাষ্য, অভ্যন্তরীণ বিরোধ ও অসহযোগিতার মধ্যেও রোকন উদ্দিন বাবুল বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
তৃণমূল নেতাদের অভিযোগ, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দেখে একটি পরাজিত মহল ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে কুৎসা রটানো এবং উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ সময় তারা কথিত চক্রান্তকারীদের দল থেকে বয়কটের দাবি জানান।
সভায় আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শীর্ষনিউজ/