আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের মূল্যায়নের জন্য ছয় মাস কম সময় নয়। তবে এখনই সরকারের পূর্ণাঙ্গ সফলতা বা ব্যর্থতার হিসাব করা ঠিক হবে না।
মজিবুর রহমান আরও বলেন, ছয় মাসের সার্বিক মূল্যায়নে বলা যায়, সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক। সবার আগে বাংলাদেশের পরিবর্তে তারা সবার আগে দলীয়তন্ত্রকে প্রাধান্য দিচ্ছে।
আজ সোমবার সকালে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ‘সরকারের ছয় মাস: প্রতিশ্রুতি বনাম বাস্তবতা! জনগণের সামনে পূর্ণাঙ্গ খতিয়ান’ শীর্ষক সংবাদ সম্মেলনে মজিবুর রহমান এ কথা বলেন। সংবাদ সম্মেলনটি বর্তমান সরকারের ছয় মাসের মেয়াদকালের পর্যালোচনামূলক।
সংবাদ সম্মেলনে বলা হয়, অর্থনীতি, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, শাসনব্যবস্থা, উৎপাদন ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য, গণতান্ত্রিক চর্চার উন্নয়ন ইত্যাদি সূচক বিবেচনায় ছয় মাসে তেমন আশানুরূপ উন্নতি নেই। বরং অন্তর্বর্তী সরকারের চেয়ে এখন পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বিশেষ করে সরকারের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনা এই মুহূর্তে খুবই হতাশাজনক পরিস্থিতি তৈরি করেছে।
সংবাদ সম্মেলনে মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকারের ছয় মাসে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে কিন্তু সে অনুযায়ী জীবনমান উন্নত না হয়ে আরও অধঃপতিত হয়েছে। প্রশাসনের বিভিন্ন নিয়োগপ্রক্রিয়ায় দলীয় লোক নিয়োগ ও ক্যাম্পাসভিত্তিক সহিংসতা সরকারের সুশাসন নিয়ে মারাত্মক সংশয় তৈরি করেছে।
দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের জীবন সংগ্রাম অবর্ণনীয় কষ্টে নিপতিত হয়েছে বলা হয় সংবাদ সম্মেলনে। বিদ্যুৎ ও গ্যাস–সংকটের কারণে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে এবং এক হাজারের বেশি নতুন কলকারখানা চালুতে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে জানানো হয়।
সরকার নতুন কর্মসংস্থানের আশা দেখালেও উল্টো বেকারত্ব বেড়েছে বলে দাবি করেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, অর্থনীতি সার্বিক বিবেচনায় স্থবির হয়ে পড়েছে। জ্বালানিসংকটকে কেন্দ্র করে সব দলকে নিয়ে এক টেবিলে বসার জন্য তাঁরা সরকারকে পরামর্শ দিয়েছিলেন, কিন্তু সরকার কথা শোনেনি।
সরকার খাল খনন, ফ্যমিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় পুরোহিতদের ভাতা চালুসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি চালু করে সামাজিক অর্থনীতিতে যে গতি আনতে চেয়েছে, তার কোনো ছাপ সমাজে দেখা যাচ্ছে না বলে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন। তাঁরা বলেন, উল্টো এসব নিয়ে নানা দুর্নীতির অভিযোগ আসছে। সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে বিরোধী দলের আন্দোলন করারই কোনো দরকার হবে না। জনদুর্ভোগের কারণে সাধারণ নাগরিকেরাই ধৈর্য হারিয়ে রাস্তায় নামবেন।
সংবাদ সম্মেলনে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আবার ফিরে আসছে, যা কাম্য ছিল না। তবে রাজনৈতিক সহনশীলতা এখন পর্যন্ত রয়েছে এটি ইতিবাচক দিক। পুরো সময় ধরে যাতে সরকারের এই রাজনৈতিক সহনশীলতা বজায় থাকে।