কুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে মাদক কারবারি ও মাদকসেবীদের বিষয়ে তথ্য প্রদানকারীদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম সাইফুল ইসলাম টিপু।
শনিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বুড়িচংবাসীর প্রতি এ আহ্বান জানান তিনি। পোস্টে উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রামকে মাদকমুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সাইফুল ইসলাম টিপু বলেন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজি মো. জসিম উদ্দিনের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কার্যকর করতে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। কোনো মাদক কারবারির বিষয়ে সঠিক তথ্য দিয়ে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তরে সহায়তা করলে ১০ হাজার টাকা এবং কোনো মাদকসেবীর বিষয়ে তথ্য দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করলে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
ফেসবুক পোস্টে মাদকের বিরুদ্ধে সবাইকে সাহসী ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলা হয়, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই বুড়িচংকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তবে মাদক কারবারি বা মাদকসেবীকে নিজের হাতে আটক কিংবা আইন প্রয়োগ না করে তাদের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।