সাংবিধানিক সংস্কার না করার মাধ্যমে বিএনপি সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেছে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গুম প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বাতিল করে নতুন আইনে পুলিশকে কেন তদন্তের ক্ষমতা দেওয়া হচ্ছে- এই প্রশ্নও তুলেছেন তিনি।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে গণ-অভ্যুত্থানের দুই বছরপূর্তি উপলক্ষ্যে ‘রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থান ও জাতির প্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে। গণভোটের রায় কেন মানছে না, অসুবিধা কোথায়? এর উদ্দেশ্য দেশবাসী ইতোমধ্যে বুঝে গেছে।
বিরোধীদলীয় নেতা বলেন, অতীতে গুম কারা করেছে? নিঃসন্দেহে দেশের বিভিন্ন বাহিনী ও সংস্থা করেছে। আবার এটার তদন্ত করবে পুলিশ! পুলিশ ফ্যাসিস্ট আমলে কী করেছে, তাও আমরা সবাই জানি।
সরকারের উদ্দেশ্যে বিরোধীদলীয় নেতা বলেছেন, দুর্নীতি বন্ধ করতে হলে আগে মগজ পরিষ্কার করতে হবে। মানসিকতার পরিবর্তন ছাড়া চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না। মন্ত্রীরা নিজেই চাঁদাবাজি করলে বন্ধ করবেন কীভাবে?
নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইউম সুবহানীর সভাপতিত্বে বক্তৃতা করেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক আহমদ আব্দুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু প্রমুখ।
জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই চলবে
শনিবার রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘জুলাই এখনো শেষ হয় নাই’ শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনীতে আসেন ঢাকায় নিযুক্ত কূটনীতিকরা। এ সময় শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। জনগণের অধিকার নিশ্চিত হওয়ার মধ্য দিয়েই জুলাইয়ের প্রকৃত সার্থকতা আসবে। এর আগ পর্যন্ত জুলাই চলবে।
ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, কানাডা, ইরান, পাকিস্তান, মালদ্বীপ, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের রকূটনীতিকরা আসেন প্রদর্শনীতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এসব ঘটনাকে ‘বিচারিক হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যা দেন শফিকুর রহমান।
বিরোধীদলীয় নেতা বলেন, একটি দলকে সরিয়ে একই ধরনের আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য জুলাইয়ের এতো প্রাণহানি ও ত্যাগের দরকার ছিল না।
আলেমদের সমাজ পরিবর্তনের রূপকার হওয়ার আহ্বান
উলামায়ে কেরামকে সমাজ পরিবর্তনের প্রধান রূপকার হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। আজ রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্সে জামায়াতে উলামা বিভাগের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, শুধু মসজিদে ইমামতি, ওয়াজ-নসিহত কিংবা খুতবার মধ্যে নিজেদের দায়িত্ব সীমাবদ্ধ রাখলে চলবে না। জাতির ক্রান্তিলগ্নে তাদের সঠিক পথনির্দেশনা, নেতৃত্ব ও আদর্শিক ভূমিকা পালন করতে হবে।
সম্মেলনে সভাপতিত্ব করেন উলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, রফিকুল ইসলাম খান এমপি ও ড. এএইচ এম হামিদুর রহমান আযাদ প্রমুখ।