Image description

বিএনপির ৩১ দফায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা না করাই কি জুলাই সনদ ‘অক্ষরে অক্ষরে’ পালনের নমুনা কি না সে প্রশ্ন তুলেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ‘বিএনপি নেতারা বারবার বলছেন, তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। কিন্তু ৩১ দফার প্রতিশ্রুতিগুলো রক্ষা না করলে সেই বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল কোথায়—এ প্রশ্ন থেকেই যায়।’

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি আয়োজিত `রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থান ও জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তোলেন। সভায় বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখার প্রথম দফা পড়ে শোনান মঞ্জু। ওই দফায় প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি পরিহারের কথা বলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

হবিগঞ্জে সন্ত্রাসী হামলায় কিশোর ছাত্র আলিফের চোখ উৎপাটন এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় হামলার সময় জানালার কাচ ভাঙচুরের প্রসঙ্গ তুলে মঞ্জু বলেন, ‘সামান্য রাজনৈতিক সমালোচনার বিরুদ্ধেও যারা আগ্রাসী মনোভাব দেখান, তাদের বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।’ সরকারি দলের নেতাদের নিজেদের ঘোষিত ৩১ দফা বারবার পড়ার এবং সপ্তাহে অন্তত একবার জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জানান তিনি।

মঞ্জু বলেন, ‘ক্ষমতায় যে-ই বসে, অতীতের প্রতিশ্রুতি ভুলে যায়। এ কারণেই সবাই মিলে এমন একটি সনদ তৈরি করতে চাওয়া হয়েছিল, যাতে ক্ষমতায় যেই আসুক, তা রক্ষা করতে বাধ্য হয়।’ তবে বিএনপি মৌলিক কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়ে বিষয়টি জটিল করেছে বলেও মন্তব্য করেন তিনি।

ফ‍্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলের কথা স্মরণ করে মঞ্জু বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ব্যর্থ হলে দুই মাসের মধ্যে বিএনপিকে নিষিদ্ধ করা হতো।

আয়োজক দলের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইউম সোবহানীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জাগপা সহসভাপতি রাশেত প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।