Image description

লক্ষ্মীপুরের রামগঞ্জে গাঁজা ও ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়া বিএনপি নেতা মিরন জমাদ্দারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অসামাজিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দিয়েছে রামগঞ্জ উপজেলা বিএনপি।

সোমবার (৩ আগস্ট) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে এ তথ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রামগঞ্জ উপজেলার ২ নম্বর নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিরন হোসেন (জমাদ্দার)-কে অসামাজিক কার্যকলাপ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের অনুলিপি জেলা ও উপজেলা বিএনপির সংশ্লিষ্ট নেতাদের কাছেও পাঠানো হয়েছে।

গতকাল রবিবার রাতে ৩৫ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়েছে ফেসবুকে। তাতে দেখা গেছে, মিরন গাঁজা সেবনের জন্য প্রস্তুত করছেন এবং ইয়াবা সেবন করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এদিকে ভিডিও ভাইরালের পর আত্মপক্ষ সমর্থন করে সোমবার দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ২০২২ সালে আওয়ামী লীগের লোকজনের ভয়ভীতি ও চাপের মুখে তাকে দিয়ে ভিডিওটি ধারণ করা হয়েছিল।