মাদকের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। অথচ তারই গাঁজা ও ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়েছে লক্ষ্মীপুরের রামগঞ্জের এক বিএনপি নেতাকে নিয়ে।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ওই বিএনপি নেতা গা ঢাকা দিয়েছেন। বন্ধ পাওয়া যাচ্ছে তার মোবাইল ফোনও।
ওই বিএনপি নেতার নাম মিরন জমাদ্দার। তিনি রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পেশায় চা দোকানি।
এ বিষয়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ ভূঁইয়া বলেছেন, ‘মিরন আমাকে জানিয়েছেন, ভিডিওটি আওয়ামী লীগ সরকারের সময়কার। সে সময় আওয়ামী লীগের লোকজনের প্ররোচনায় তিনি মাদক সেবন করেছিলেন। রাজনৈতিক বিরোধের জেরে পুরনো ভিডিওটি এখন ছড়িয়ে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেছেন, ‘মিরন মাদকের বিরুদ্ধে আমাদের সঙ্গে কাজ করে আসছেন। কিছুদিন আগেও তিনি কয়েকজন মাদকসেবীকে ধরিয়ে দিতে সহযোগিতা করেছেন। তিনি ওয়ার্ড বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। তিনি এখন আর মাদক সেবন করেন না, ভিডিওটি আগের। তিনি এখন মাদকের বিরুদ্ধে কাজ করছেন।’
গতকাল রবিবার রাতে ৩৫ সেকেন্ডের ভিডিওটি আগামীর সময়ের প্রতিবেদকের হাতে এসেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে মোবাইলফোন নাম্বার বন্ধ করে গা-ঢাকা দিয়েছেন ওই বিএনপি নেতা।
ভিডিওটিতে দেখা যায়, বিএনপি নেতা মিরন সিগারেটের ভেতরে গাঁজা ঢুকাচ্ছেন। পরে গাঁজা ভর্তি সিগারেট রেখে তিনি ইয়াবা সেবন করছিলেন।
বিষয়টি জানতে মিরন জমাদ্দারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, তিনি ছুটিতে আছেন। তবে ভিডিওটি তার নজরে এসেছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত।