Image description

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কেউ ‘সামান্য কিছু’ বললেও, নেতাকর্মীদের প্রতিবাদ করা দায়িত্বের মধ্যে পড়ে বলে জানিয়েছেন ফতেহ মোহাম্মদ রেজা রিপন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এই যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন।

শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের চাষাঢ়া মিশনপাড়া এলাকায় এনসিপি নেতাদের কটূক্তির প্রতিবাদ মিছিলের আগে নাসীরুদ্দীন পাটওয়ারীর উদ্দেশ্যে রিপন বলেন, ‘তারেক রহমানকে নিয়ে যদি সামান্য কিছু তেলাপোকা কিছু বলে, তাহলে আমাদের উচিত তাদের জুতা দিয়ে পিষে মেরে ফেলা।’

তিনি বলেন, ‘তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সন্তান। বর্তমানের সফল রাষ্ট্রনায়ক। পৃথিবীর ইতিহাসে তিন প্রজন্মের এ রকম কোনো রাষ্ট্রনায়ক বা রাষ্ট্র পরিচালনার ইতিহাস কেউ বলতে পারবেন?’

এনসিপি নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, হাসনাত আবদুল্লাহসহ জুলাইয়ের আন্দোলনের আগে বিভিন্ন ব্যক্তির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন রিপন। বলেন, ‘তারা আওয়ামী লীগ, ছাত্রলীগের লুঙ্গির নিচে থেকে হঠাৎ করে বের হয়েছে। এখন তারা বড় নেতা সেজেছেন। বিএনপি নেতাকর্মীর গত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের বিনিদ্র রজনী কাটানোর ইতিহাস, জুলুমের ইতিহাস বললে, এদের হাওয়ায় উড়ে যাওয়ার কথা।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।