Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে দুই সন্দেহজনক ‘সমকামী’ আটকের পর এবার প্রকাশ্যে এল ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে দুই বহিরাগতকে ‘আপত্তিকর’ অবস্থায় আটকের একটি ভিডিও। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওটি হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলের কক্ষ থেকে ধারণ করা বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ জুলাই রাতে হলের এজিএস-এর কক্ষে ঘটনাটি ঘটে। পরে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দুই তরুণকে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে এমন কাজ আর হবে না বলে বলতে শোনা যায়। তবে ভিডিওতে হল সংসদের এজিএস ইব্রাহিম খলিলকে দেখা যায়নি।

হল সংসদের জিএস তাওকির হাসান বলেছেন, আমরা এজিএসের (ইব্রাহিম) কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘ওই দুইজন চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন। তাদের রুমে রেখে তিনি ক্লাসে গিয়েছিলেন। পরে ফিরে এসে এ বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। ঘটনাটি ২৭ জুলাইয়ের হলেও আমি আজ ভিডিওটি দেখেছি। রুমমেটও আগে আমাকে বিষয়টি জানায়নি। কেন জানায়নি, সেটিও আমি জানি না।’

ভিডিও ধারণকারী রুমেল এজিএস ইব্রাহিমের রুমমেট বলে জানা যায়। ঘটনা ২৭ তারিখের হওয়ার পরেও আজ ১ তারিখে এসে কেন প্রকাশ করা হলো এবং ঘটনার দিন হল প্রশাসন, হল সংসদকে এ বিষয়ে জানানো হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে রুমেল কোন মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, ‘আমি এ বিষয়ে এখন কিছু বলতে চাই না।’

এদিকে ঘটনার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন এজিএস ইব্রাহিম খলিল। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেছেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ঘটনাটি আমার রুমে ঘটলেও এ বিষয়ে আগে থেকে আমার কোনো ধরনের ধারণা বা সম্পৃক্ততা ছিল না। অতিথিরা চিকিৎসার জন্য এসেছিল বলে আমি থাকতে দিয়েছিলাম। ঘটনার সময় আমি রুমে ছিলাম না এবং পরে কেউ আমাকে বিষয়টি জানায়নি। বিষয়টি জানতে পেরেই আমি এর নিন্দা জানাচ্ছি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সহযোগিতা করব।’

এ বিষয়ে হল প্রশাসনের মন্তব্য পাওয়া যায়নি।