ডাকযোগে এসেছে একটি পার্সেল। খুলে হবিগঞ্জের মাধবপুরের আদাউর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর খোরশেদ আলম দেখলেন তাতে কাফনের কাপড়।
তাকে দেওয়া হয়েছে হত্যার হুমকি। এ ঘটনায় মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
চেয়ারম্যান মীর খোরশেদ আলম জানান, গত বৃহস্পতিবার ডাকযোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি পার্সেল আসে। পার্সেলের ভেতরে একটি বেনামি চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাপড় ছিল, যার ওপর 'কাফনের কাপড়' লেখা ছিল। চিঠিতে তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি করছি এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার জানা মতে কারও সঙ্গে ব্যক্তিগত শত্রুতা নেই। তারপরও এ ধরনের হুমকির ঘটনায় আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছি। বিষয়টি থানায় জিডি করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।"
শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে মীর খোরশেদ আলম লেখেন, যদি আমার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ বা দাবি থাকে, তাহলে সরাসরি এসে কথা বলুন। ভয়ভীতি দেখানোর পরিবর্তে পরিচয় দিয়ে সামনে আসুন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে, ইনশাআল্লাহ।
বিষয়টি নিয়ে কথা বলেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। জানালেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।