পাবনায় একটি বাঁশবাগান থেকে আব্দুল শুকুর (৪৮) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকালে সাঁথিয়া ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল শুকুর রতনপুর গ্রামের রুকুম আলীর ছেলে। তিনি ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।
পরিবার থেকে জানায়, গত শুক্রবার রাত ৯টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আব্দুল শুকুর। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আজ শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে বিষয়টি আতাইকুলা থানায় জানানো হলে পুলিশ অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে রতনপুর এলাকায় আজিজের বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বলেছেন, ‘ওই ব্যক্তি নিখোঁজের সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায় এবং একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আলামত সংগ্রহের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’