Image description

জুলাই-আগস্টের অভ্যুত্থানে যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের রক্তের সঙ্গে ছাত্রদল কখনোই বেইমানি করবে না বলে জানিয়েছেন দলটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেছেন, শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে ছাত্রদল।

আজ বৃহস্পতিবার রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে এ কথা বলেছেন তিনি।

সেখানে ছাত্রদল সভাপতি বলছিলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের রক্তের ঋণ জাতি কখনো শোধ করতে পারবে না। তাদের স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদল সবসময় জনগণের পাশে থাকবে এবং শহীদদের আত্মত্যাগকে সমুন্নত রাখতে কাজ করবে।

তিনি বলেছেন, আবু সাঈদের সমাধীস্থল থে‌কে প্রতিজ্ঞা কর‌ছি— যত‌দিন বাংলা‌দেশ থাক‌বে তত‌দিন আমরা শহীদদের স্মর‌ণে রাখ‌ব। তাদের র‌ক্তের প্রতি‌শোধ নেওয়ার জন‌্য আমরা জাগ্রত থাক‌ব। খু‌নি হা‌সিনা ও তার দোসর ছাত্রলীগের বিচা‌র নিশ্চিতে সর্বদা রাজপ‌থে থাক‌ব।

এ সময় সরকার‌কে ধন‌্যবাদ জানিয়ে তিনি বললেন, ‘প্রধানমন্ত্রী তার ক‌মিট‌মেন্ট রক্ষা ক‌রে‌ছেন। দ্রুততম সম‌য়ে আবু সাঈদ হত‌্যার রায় ঘোষণা হয়েছে। আমরা আশা করছি— দ্রুততম সম‌য়ে রায় কার্যকর ক‌রে দৃষ্টান্ত স্থাপন কর‌বে সরকার।’