Image description

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, বিএনপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিয়ে বসবাস করবে।

শুক্রবার (৩ জুলাই) রাতে মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের উত্তরপাড়া সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত ‘২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনের সংসদ সদস্য খোকন তালুকদার মন্দির পরিদর্শন করেন, উপস্থিত ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং আয়োজকদের শুভেচ্ছা জানান।

এ সময় বক্তব্যে খোকন তালুকদার বলেন, ‘বিএনপি সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দল অঙ্গীকারবদ্ধ। বিএনপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় নিরাপত্তা, মর্যাদা ও সমঅধিকার নিয়ে বসবাস করবে।’

স্থানীয় বাসিন্দা বাবু হরলাল বিশ্বাস বলেন, ‘এমপি খোকন তালুকদার সব সময় আমাদের সুখে-দুঃখে পাশে থাকেন। বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি আমাদের উৎসাহিত করেন। এজন্য আমরা তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ধর্মীয় আচার-অনুষ্ঠান, নামসংকীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ সম্পন্ন হয়।