Image description

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ যে ‘ফ্যাসিবাদী’ শাসনব্যবস্থার ধারা রেখে গেছে, বর্তমান বিএনপি সরকারও একই পথে হাঁটছে। তিনি বলেন, ব্যাংকিং খাতে অন্যায় হস্তক্ষেপ, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিবর্তনের চেষ্টা এবং এস আলম গ্রুপের পছন্দ অনুযায়ী নিয়োগের উদ্যোগ উদ্বেগজনক।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ইসলামি ব্যাংকের যেসব শেয়ার জোরপূর্বক দখল করা হয়েছে, সেগুলো যে মূল্যে নেওয়া হয়েছিল, সেই মূল্যে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে হবে। অন্যায়ভাবে ব্যাংকের চেয়ারম্যান ও এমডি পরিবর্তনের যে উদ্যোগ নেওয়া হচ্ছে, তার তীব্র নিন্দা জানায় জামায়াত।

তিনি অভিযোগ করেন, ব্যাংক রেজল্যুশন আইন, ব্যাংক একীভূতকরণ এবং বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে ব্যাংকিং খাতে নতুন করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। অতীতে আওয়ামী লীগ সরকারের সময় গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে কিছু গোষ্ঠীর হাতে হাজার হাজার কোটি টাকা তুলে দেওয়া হয়েছিল এবং অর্থপাচারের সুযোগ তৈরি হয়েছিল বলেও দাবি করেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমান বাজেটে বিরোধী দলের সংশোধনী ও প্রস্তাব গ্রহণ না করে একই ধারায় বাজেট পাস করা হলে দেশের ব্যাংকিং খাতের পাশাপাশি পুরো অর্থনীতি মারাত্মক সংকটে পড়বে। এতে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব নিরসনও ব্যাহত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-

১. ২ থেকে ৯ জুলাই রাজধানীতে জুলাইয়ের শহীদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া;
২. ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে ঢাকার দুই মহানগরীতে আলোচনা সভা;
৩. ১৮ থেকে ৩১ জুলাই সারাদেশে একই ধরনের কর্মসূচি;
৪. ১ আগস্ট সারাদেশে গণমিছিল; ২ থেকে ৪ আগস্ট শ্রমিক সংগঠনের কর্মসূচি এবং ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ১১ দলের কর্মসূচিতে সমর্থন ও অংশগ্রহণ।

এ ছাড়া মহিলা বিভাগ, ছাত্রসংগঠন এবং জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের উদ্যোগে গৃহীত কর্মসূচিতেও অংশ নেবে দলটি।

সংবাদ সম্মেলনে জামায়াত তিনটি প্রধান দাবি তুলে ধরে। দাবিগুলো হলো-জুলাইয়ের হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করা, শহিদ ওসমান বিন হাদী হত্যার বিচার নিশ্চিত করা এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।