পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় হলদিয়া বন্দর থেকে হলদিয়া পেট্রোকেমিক্যালসে যাওয়া ন্যাপথার পাইপলাইন লিক হয়ে বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তেই পাইপলাইনের পাশে ধুপড়ি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। এতে প্রায় ১৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া আরও ২০ জন কম আহত হয়েছেন। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।
মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে চারটা নাগাদ হলদিয়া পেট্রোকেমিক্যালসের বাইরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরে হলদিয়ার ১৩ নম্বর ওয়ার্ডে চিরঞ্জিপুর এলাকায় পেট্রোকেমিক্যালসে আগুন লাগে। আগের দিন রাতেই গ্যাসের গন্ধ পাচ্ছিলেন তারা। অভিযোগ রয়েছে, এই নিয়ে এইচপিএল কর্তৃপক্ষকে জানানো হলেও তড়িঘড়ি কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। শেষমেষ ভোর সাড়ে চারটা নাগাদ বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে।
তারা আরও জানান, বিস্ফোরণের শব্দে তারা বেরিয়ে দেখেন আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে সব জ্বলছে। গ্যাস লিক করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বস্তিতেও। মুহূর্তের মধ্যে আশপাশের একাধিক বাড়ি জ্বলে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন।
ভোর চারটা থেকে বেলা ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ হিমশিম খেতে হয় তাদের। পানি ও ও ফোম স্প্রে করে আগুন নেভানোর চেষ্টা চালান তারা। তবুও বেগ পেতে হয়েছে তাদের। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বজ্রপাতের জেরেই পাইপলাইনে আগুন লেগে থাকতে পারে।
ঘটনাস্থল থেকে ১৫ জনকে উদ্ধার করার তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে স্থানীয়দের সহযোগিতায় কম আহত আরও ২০ জনকে উদ্ধার করা হয়। এতে করে মোট দগ্ধের সংখ্যা ৩৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশ বলছে, আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক ছয়জনকে গ্রিন করিডর করে নেওয়া হচ্ছে কলকাতায়। এদিকে, অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া-পাঁশকুড়া রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। পাইপলাইনের বিস্ফোরণস্থলের পাশে রেললাইন। বন্ধ হলদিয়া টাউনশিপ-দুর্গাচকগামী এক্সাইড রোডও।