বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কঠোর সমালোচনা করেছেন। তিনি দলটিকে ব্যঙ্গ করে ‘আওয়ামী জামায়াত লীগ’ বলে উল্লেখ করেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন তোলেন।
সোমবার (২২ জুন) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এ মন্তব্য করেন।
পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্রচারণা এবং রাজনৈতিক বক্তব্যের মধ্যে অনেক ক্ষেত্রে মিল দেখা যাচ্ছে। একইসঙ্গে তিনি ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কর্মকাণ্ড নিয়েও মন্তব্য করেন।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ও কিছু বৈশিষ্ট্য জামায়াতের কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে। এ কারণে তিনি জামায়াতকে ‘আওয়ামী জামায়াত লীগ’ হিসেবে আখ্যায়িত করেন।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে শুধু আওয়ামী লীগকে কেন্দ্র করে আলোচনা করলেই হবে না, বরং জামায়াতের রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডকেও গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করতে হবে।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, বিএনপিবিরোধী রাজনৈতিক অবস্থানে অতীতে যেমন আওয়ামী লীগ ও জামায়াত একসঙ্গে ভূমিকা রেখেছিল, তেমনি বর্তমান পরিস্থিতি নিয়েও রাজনৈতিক মহলে নানা আলোচনা রয়েছে। এ বিষয়ে তিনি দেশপন্থি রাজনৈতিক শক্তিগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান।
তবে রাশেদ খাঁনের এসব বক্তব্য তার ব্যক্তিগত রাজনৈতিক মতামত ও পর্যবেক্ষণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
শীর্ষনিউজ