ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা বলেছেন, বিদেশে যারা হামলা, ডিম নিক্ষেপ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, তারা কেবল নিজেদের হতাশা ও রাজনৈতিক দেউলিয়াত্বেরই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।
আজ মঙ্গলবার (১৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি। পোস্টে তিনি লেখেন, হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি। জনগণের অধিকারের পক্ষে অবস্থানের কারণে তাদের উভয়ের প্রতি শ্রদ্ধা।
এর আগে, গত সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল ও এলেম পার্ক এলাকায় পৃথক দুটি স্থানে জুলাই অভ্যুত্থানের নেতা ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা হাসনাত আবদুল্লাহর সঙ্গীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করার ঘটনাও ঘটেছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। আওয়ামী লীগের এক শীর্ষ নেতাসহ এ সময় অন্তত তিনজনকে আটক করা হয়।