Image description

খাগড়াছড়ির গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলায় বিএনপির ৬ নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) রাতে গুইমারার বড়পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় পৃথক এ ঘটনা ঘটে    

এতে আহতরা হলেন, গুইমারার হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, বাইল্যাছড়ি এলাকায় ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবু, বড়পিলাক ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন ও সদস্য জাহাঙ্গীর আলম রনি এবং ওর্য়াড যুবদলের সদস্য মামুন ও সদস্য মাহবুব আলম।

    আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

জানা যায়, রাতে গুইমারার বড়পিলাক এলাকার মো. হাশেমের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন, এমন খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সখানে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এতে ৫ নেতাকর্মী আহত হন।

 

আহতরা হলেন—হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, বড়পিলাক ওর্য়াড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মামুন ও সদস্য জাহাঙ্গীর আলম রনি এবং যুবদল নেতা মামুন ও মাহবুব আলম।

 

একই সময় উপজেলার বাইল্যাছড়ি এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবুর উপর বাপ্পি ত্রিপুরা নামে ছাত্রলীগের এক কর্মী অতর্কিত হামলা চালায়। তাকে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এ হামলায় জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

গুইমারা থানার ওসি মো. সোহরাওয়ার্দী জানান, ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনো কেউ অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।