রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ইয়ার হোসেন (৪৫) নামের একজন হাসপাতালটির অফিস সহকারীও রয়েছেন।
গ্রেপ্তার হওয়া অন্যান্যরা হলেন, রবিন (২১), সিফাত আরিফ (২০), ফয়সাল (১৯),তুহিন (১৯), মো. আলমগীর হোসেন (৪০), বিল্লাল (৪৭) এবং মো. সবুজ মিয়া (৪৭)। এদের মধ্যে ইয়ার হোসেন ঢাকা মেডিকেলের অফিস সহকারী
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ডিএমপির শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এশিয়া পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকা মেডিকেল থেকে ইয়াবাসহ আটজন গ্রেপ্তারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এর আগে ঢামেক হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলায় বুধবার (১০ জুন) বিকেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
তবে ঢাকা মেডিকেল থেকে ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে হাসপাতালটির পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এশিয়া পোস্টকে বলেন, অভিযানের বিষয়ে কিছুই জানি না। আপনি শাহবাগ থানায় খোঁজখবর নেন। থানা পুলিশ এখন আর আমাদেরকে কিছুই জানান না।
এদিকে ঢামেক হাসপাতাল ও পুলিশের বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ আটক আট জনকে গ্রেপ্তার করা হয়।
সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতরা নতুন ভবনের পঞ্চম তলায় মাদক কারবার ও সেবন করছিল। এদের মধ্যে ইয়ার হোসেন ঢামেক হাসপাতালের অফিস সহকারী। গ্রেপ্তারকৃতদের মধ্যে সে ছাড়াও আরেকজন হাসপাতালের স্টাফ রয়েছে। ইয়ার হোসেনের বিরুদ্ধে পূর্বেও মাদক কারবারের অভিযোগে মামলা রয়েছে।
এদিকে হাসপাতালটির নাম প্রকাশে অনিচ্ছুক স্টাফরা জানান, হাসপাতালের কতিপয় অসাধু কর্মচারীরা মাদক কারবারির সাথে জড়িত। কিন্তু হাসপাতালের পুলিশ ফাঁড়ির সদস্যদের রহস্যজনক কারণে কোনো কর্ণপাত নেই।