Image description

জামালপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে সোহেল রানা নামে বিএনপির এক নেতাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৮ জুন) মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই বহিষ্কার আদেশ জারি করা হয়।

বহিষ্কৃত সোহেল রানা মাদারগঞ্জ উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে মো. সোহেল রানাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। এই আদেশ আগামীকাল ৯ জুন (মঙ্গলবার) থেকে কার্যকর হবে।

বহিষ্কার আদেশের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এবং ৩ নং গুনারীতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, সোহেল রানাকে একাধিকবার দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্ক করা হয়েছিল। সতর্ক করার পরও তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হন।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন বলেন, তার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে একাধিক দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল। বিভিন্ন সময়ে তাকে সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি। সাংগঠনিকভাবে পর্যালোচনা করে উপজেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।