বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খলতা রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
সোমবার (৮ জুন) রাজধানীর নয়াপল্টনে হোটেল ভিক্টরে যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, চতুর কথাবার্তা বা মবসন্ত্রাসের মাধ্যমে রাজনীতিতে দীর্ঘদিন টিকে থাকা সম্ভব নয়। রাজনৈতিক শিষ্টাচার মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।
মোনায়েম মুন্না বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে এবং আগের কমিটির ১১৪ জনকে নতুন কমিটিতে রাখা হয়েছে। আরও ত্যাগী নেতাদের ভবিষ্যতে যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও জানান, হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং ভবিষ্যতে আরও অন্তত ১০০ জনকে যুক্ত করার চেষ্টা করা হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে অবদানের ভিত্তিতেই পদ দেওয়া হয়েছে এবং কারও হতাশ হওয়ার কারণ নেই।
এ সময় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দলের সুনাম নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
শীর্ষনিউজ