Image description

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিচারহীনতা এবং বিলম্বিত বিচারের কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। শিশু ফাহিমার বিচার ১৫ দিনের মধ্যে সম্পন্ন করে অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সিলেটে আলোচিত অপহরণ, ধর্ষণচেষ্টা ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার চার বছরের শিশু ফাহিমা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।

মঙ্গলবার নিহত ফাহিমার বাড়িতে গিয়ে তিনি শোকসন্তপ্ত বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এ মর্মান্তিক ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানান।

এ সময় জামায়াত আমির বলেন, শিশু ফাহিমার ওপর সংঘটিত এই নৃশংস ঘটনা পুরো জাতিকে ব্যথিত করেছে। ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

পরিবারের সদস্যরা তাদের সন্তান হারানোর বেদনা ও ঘটনার বিভিন্ন দিক বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। তিনি তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্যাপারে আশ্বাস দেন।

জামায়াত আমিরের সঙ্গে আরো উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানসহ স্থানীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

পরে বিরোধীদলীয় নেতা এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।