নেত্রকোনায় একটি বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ফয়সাল আহমেদ (১৯) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হন।
সোমবার (১ জুন) রাত ১২টার দিকে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের বাবনিকোনা সংসদ বাজার মসজিদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল আহমেদ ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বাবনিকোনা সংসদ বাজার এলাকায় স্থানীয় বাসিন্দা ইদ্রিস মিয়ার মেয়ে বিয়ে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ওইদিন রাত পৌনে ১২টার দিকে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলা নিয়ে ফয়সাল আহমেদ ও তার কয়েকজন বন্ধুর সঙ্গে একই গ্রামের কামরুল ইসলামের ছেলে মাসুম মিয়াদের (১৯) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম মিয়া তার পরিবারের লোকজন নিয়ে ফয়সাল আহমেদের ওপর হামলা চালাযন। হামলায় ফয়সাল আহমেদ, তার চাচাতো ভাই রবিন মিয়া (১৯), চাচা সাদেকুল ইসলাম (৪২) ও চাচাতো ভাই উজ্জ্বল মিয়ার ছেলে সৌরভ মিয়া (১৯) আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফয়সাল ও সাদিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে ফয়সাল মারা যান।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো ও ছবি তোলা নিয়ে প্রতিপক্ষের হামলায় ফয়সাল আহমেদ নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে।