Image description

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এখন মানুষের জানমালের নিরাপত্তা নেই, ইজ্জতের নিরাপত্তা নেই। সামনের দিকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই পরিস্থিতিতে জাতীয় পার্টির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।

সম্প্রতি এশিয়া পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

জাতীয় পার্টির বর্ধিত সভায় দেওয়া বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, আমি বর্ধিত সভায় নেতাকর্মীদের বলেছিলাম, জাতীয় পার্টি আছে কি না?’ এর অর্থ হলো, একজন মানুষ যদি হতাশাগ্রস্ত হয়ে মনোবল হারিয়ে ফেলে, তাহলে যুদ্ধক্ষেত্রে একজন সৈনিকের মনোবল হারানোর মতো অবস্থা হয়। একজন সৈনিক যখন মনোবল হারিয়ে ফেলে, তখন তার কাছ থেকে আর কার্যকর কিছু পাওয়া যায় না। সে যেন মৃত সৈনিকের মতো হয়ে যায়। তাই আমি সারা দেশ থেকে আসা দলের নেতাকর্মীদের কাছে জানতে চেয়েছিলাম, তোমরা এখনও আছো কি না।

তিনি বলেন, নির্বাচন হয়ে যাওয়ার পর থেকেই একটি প্রচারণা চালানো হচ্ছিল যে জাতীয় পার্টি আর থাকবে না, জাতীয় পার্টিতে কেউ আসছে না। কয়েকটি সংবাদপত্রও উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের প্রচারণা চালিয়েছিল। এখন আমি বুঝতে পারি, আগে থেকেই আমাদের সম্পূর্ণভাবে হারিয়ে দেওয়ার একটি পরিকল্পনা ছিল। পরবর্তীকালে অবশ্য আমি শুনেছি, যারা এসব করেছে তাদের পক্ষ থেকেই আমাদের বলা হয়েছে, স্যার, আপনারা হারেননি, আপনাদের হারিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যারা কোনো কারণ ছাড়া আসেনি, তারা হতাশাগ্রস্ত। আমি মনে করি, ভবিষ্যতে তারা সৈনিক হিসেবে খুব একটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে না। আমি নেতাকর্মীদের হতাশা থেকে বের করে আনার জন্য এবং প্রকৃত পরিস্থিতি তাদের সামনে তুলে ধরার জন্য ওই কথা বলেছিলাম। যাতে তারা হতাশা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার বিষয়ে নতুন করে ভাবতে পারে।

জিএম কাদের বলেন, আমরা সারা দেশ থেকে সাড়া পেয়েছি। জাতীয় পার্টির লোক এখনো ঠিক আছে, শক্তিশালীভাবে আছে, তাদের মনোবল আছে এবং তারা নতুন উদ্যমে রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত। জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে, এটা কেউ বলুক আর না বলুক।