Image description

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির এনসিপি)  মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ভিডিওতে এক যুবকের হাতে থাকা একটি “অস্ত্রসদৃশ” বস্তু নিয়ে আলোচনা তৈরি হয়। ভাইরাল হওয়া ওই ব্যক্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ সদর উপজেলা কমিটির সদস্য।

ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি কোমরের কাছ থেকে অস্ত্রসদৃশ একটি বস্তু বের করছেন। যাচাই ছাড়াই ফেসবুকে একাধিক ব্যক্তি বস্তুটিকে বন্দুক দাবি করে পোস্ট করেন। দেখুন এখানে, এখানে এখানে 

মূলধারার একাধিক সংবাদমাধ্যমও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে

এই ঘটনা নিয়ে আলোচনা টকশোতেও গড়ায়। বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি এটিএন নিউজের এক টকশোতে দাবি করেন, “পাটোয়ারীর ওখানে অস্ত্র পাওয়া গেল কার কাছে? ব্লু টি-শার্ট পরা তার যে প্রটোকল বাহিনী, এনসিপির একজনের কাছে তো অস্ত্র পাওয়া গেল। অস্ত্র কীভাবে আসলো তার কাছে? লাইসেন্স কে দিল? বন্দুক প্রথমেই বের করছে, যেটা স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে। বন্দুক বের করলো, তারপর পাঞ্জাবি পরিহিত একজন এসে বাধা দিল। আবার পকেটে ঢুকিয়ে ফেললো।”

তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে দেখা যায়, রেজাউল করিম রনির দাবি সঠিক নয়। হামলার সময় ধারণ করা একাধিক ভিডিও ফুটেজ যাচাই করে দ্য ডিসেন্ট নিশ্চিত হয়েছে, এনসিপির ওই নেতার হাতে বন্দুক ছিল না। বরং তার হাতে ছিল সেল্ফ ডিফেন্স স্টিক বা আত্মরক্ষামূলক লাঠি।

রিভার্স ইমেজ সার্চে ‘Voice of Joy’ নামের একটি ফেসবুক পেজে ভাইরাল ভিডিওটির একটি সংস্করণ পাওয়া যায়।

ভিডিওটির ১ মিনিট ১১ সেকেন্ড থেকে ১ মিনিট ১৬ সেকেন্ডের অংশে স্পষ্টভাবে দেখা যায়, নীল গেঞ্জি পরা যুবকের হাতে থাকা বস্তুটি সেল্ফ ডিফেন্স স্টিক। তিনি সেটি হাতে নিয়ে বের করার পর অন্য একজনকে দিচ্ছেন।

সেই যুবকের পরিচয়

নীল টি-শার্ট পরিহিত সেল্ফ ডিফেন্স স্টিক হাতে ভাইরাল হওয়া ব্যক্তির নাম আশিক বিশ্বাস। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ সদর উপজেলা কমিটির সদস্য।

আশিক বিশ্বাস ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্ঠসাগরা গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে কাজ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আশিক বিশ্বাসের একটি ভিডিও সাক্ষাৎকারে তাকে বলতে শোনা যায়, “আমার হাতে কোনো অস্ত্র ছিল না। এটি ছিল একটি সেফটি স্টিক। এই স্টিক দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর আক্রমণ করেন। পরে সেটি আমি ছিনিয়ে নিয়ে আমার কাছে রেখে দিই। অনেকেই বলছেন, এটি পিস্তল ছিল, আসলে পিস্তল ছিল না।”

আশিক বিশ্বাস বর্তমানে গ্রেফতার অবস্থায় থাকায় তার বক্তব্য নিতে পারেনি দ্য ডিসেন্ট। গতকাল রবিবার, ২৪ মে, তাকে আটক করা হয়েছে বলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করেছেন।