Image description

সাভারে সিসি ক্যামেরা ও ড্রোন ব্যবহার করে সংঘবদ্ধ মাদক ব্যবসা পরিচালনা এবং গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে তথ্য চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় প্রাথমিকভাবে তিনজন পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং গণমাধ্যমকর্মীদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি বলেন, দেশের যেকোনো স্থানে সংঘটিত জঘন্য অপরাধের (Heinous Crime) বিরুদ্ধে গত তিন মাস ধরে সরকার যেভাবে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে, এই মাদক চক্র ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায়ও একই নীতিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী আরও জানান, প্রযুক্তিনির্ভর অপরাধ—বিশেষ করে সিসি ক্যামেরা, ড্রোন ও অন্যান্য নজরদারি প্রযুক্তি ব্যবহার করে মাদক ব্যবসার মতো অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও আধুনিক ও সক্রিয় করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
ঢাকা টাইমস