বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর মহিলা বিভাগের উদ্যোগে মিরপুর-১১ এলাকায় শিশু রামিসার হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার পর এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন। এ সময় তারা—‘বিচার চাই, বিচার চাই’, ‘হত্যার বিচার চাই’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ বলে স্লোগান দেন।
বক্তারা অভিযোগ করেন, গত সাত দিনে সারাদেশে চারটি শিশু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে বলেও দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এক নারী নেত্রী বলেন, ‘সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা জাতির বিবেক। আপনারা যদি প্রকৃত সত্য তুলে ধরেন এবং আমাদের সঙ্গে আওয়াজ তোলেন, তাহলে হয়তো আর কোনো মায়ের বুক এভাবে খালি হবে না।’
তিনি আরো বলেন, ‘আমরা সবাই মা।
বক্তারা বলেন, একটি মানববন্ধন বা বিক্ষোভে থেমে গেলে চলবে না। সমাজের প্রতিটি মানুষকে অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠতে হবে এবং সরকারের কাছে জবাবদিহিতা দাবি করতে হবে।
বক্তারা সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা রাষ্ট্রের কাছে প্রশ্ন তুলুন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান— নরপিশাচদের গ্রেপ্তারের পরও বিচারে দেরি কেন? একের পর এক ঘটনা ঘটে, আমরা প্রতিবাদ করি, তারপর সব থেমে যায়। এভাবে চলতে পারে না।
বক্তারা আরো বলেন, ক্ষমতার মোহে বিবেককে বিসর্জন না দিয়ে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরো অনেক পরিবারকে এমন শোক বয়ে বেড়াতে হবে।