জুন মাসের শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে পুরোদমে জ্বালানি তেল সরবরাহ করা হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদের বিশেষ কমিটিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধের কারণে জ্বালানি নিয়ে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় করণীয় সম্পর্কে সুপারিশ দিতে গত এপ্রিল মাসে সরকারি দল ও বিরোধী দলের ৫ জন করে ১০ সদস্যের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করে জাতীয় সংসদ। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনে ওই কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নেওয়া প্রকল্প, নবায়নযোগ্য জ্বালানি প্রসারে গৃহীত নীতিমালা/গাইডলাইন ও বর্তমান চিত্র তুলে ধরা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফিলিং স্টেশন স্থাপন, পরিচালনা ও ব্যবস্থাপনা নীতিমালা যুগোপযোগী করার কাজ চলছে। গ্যাস বিপণন নিয়মাবলি হালনাগাদ করা হয়েছে। বৈঠকে জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের সদস্যদের প্রয়োজনীয় পরামর্শ লিখিত আকারে কমিটিকে দেওয়ার আহ্বান করা হয়।
কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো. সাইফুল আলম, মো. নূরুল ইসলাম, মো. আবদুল বাতেন, মো. আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান।