Image description

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আগামী নির্বাচনে মেয়র পদে কারা প্রার্থী হচ্ছেন, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে নানামুখী আলোচনা। সম্ভাব্য প্রার্থীরাও মাঠে সক্রিয়। দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামী ইতোমধ্যেই প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় অনেকটা এগিয়ে গেছে। সিসিকের মেয়র পদের জন্য তিনজনের নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে দলটির পক্ষ থেকে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় জাতীয় নির্বাচনের মতো এবারও তারা অংশ নিতে পারবে না। ফলে বিএনপি ও জামায়াতে ইসলামী প্রার্থীদের তৎপরতাই এখন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।  
জামায়াত যে তিনজনের নাম কেন্দ্রীয় কমিটির কাছে প্রস্তাব করেছে তারা হলেন– সিলেট জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম এবং জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা লোকমান আহমদ।  

 

মাওলানা হাবিবুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখ ৩৪ হাজার ৯৮৩ ভোট পেয়েছিলেন। ফখরুল ইসলাম দীর্ঘদিন ধরে মহানগর জামায়াতকে নেতৃত্ব দিয়ে আসছেন এবং তিনি জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ছোট ভাই। অন্যদিকে, মাওলানা লোকমান আহমদ সিলেট-৩ আসনে মনোনয়ন পেলেও জোটের সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন।  
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি শাহজাহান আলী জানান, কেন্দ্র যাকে মনোনয়ন দিবে সবাই তার হয়ে কাজ করবে। এদিকে সামাজিক  মাধ্যমে ইতোমধ্যেই প্রচার শুরু হয়েছে, মাওলানা হাবিবুর রহমান এবার মেয়র পদে প্রার্থী হতে পারেন। কিছু গণমাধ্যমেও এমন খবর প্রকাশ করেছে। এ বিষয়ে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য  মুহাম্মদ ফখরুল বলেন, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।