Image description

মানিকগঞ্জ জেলা বিএনপির অধীন সাতটি উপজেলা ও দুটি পৌর কমিটি বিলুপ্ত করা হয়েছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ও নিষ্ক্রিয় হয়ে পড়া সাংগঠনিক কাঠামো ভেঙে দলকে নতুনভাবে সাজাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

শুক্রবার (১৫ মে) রাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভায় এ কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ আজ শনিবার সকালে কমিটিগুলো বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় নেতারা বলছেন, বিএনপিকে আরও গতিশীল, সক্রিয় ও তৃণমূলভিত্তিক করতে এ সাংগঠনিক পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ জেলার অধীন বিএনপির সাতটি উপজেলা ও দুটি পৌর শাখা রয়েছে। উপজেলাগুলো হলো সদর, সাটুরিয়া, সিংগাইর, হরিরামপুর, শিবালয়, দৌলতপুর ও ঘিওর। এছাড়া রয়েছে মানিকগঞ্জ পৌর ও সিংগাইর পৌর শাখা। বিলুপ্ত কমিটিগুলোর বেশিরভাগই ২০২১ সালে বা তারও আগে গঠিত হয়েছিল। দীর্ঘ সময় ধরে নতুন নেতৃত্ব না আসায় অনেক জায়গায় সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়।

শুক্রবার বিকাল ৪টার দিকে জেলা সদরের গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে জেলা বিএনপির আহ্বায়কের রাজনৈতিক কার্যালয়ে বর্ধিত সভা শুরু হয়। টানা প্রায় ছয় ঘণ্টার এ সভা চলে রাত পৌনে ১০টা পর্যন্ত। এতে জেলা বিএনপির আহ্বায়ক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক নম্বর সদস্য ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সঞ্চালনায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভা সূত্র জানায়, বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব তুলে আনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সক্রিয় কর্মীদের মূল্যায়নের মাধ্যমে দলকে আরও সুসংগঠিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

দলীয় সূত্র মতে, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বিএনপি মানিকগঞ্জ জেলা বিএনপির সাত সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে। পরে প্রায় চার মাস পর আংশিক আহ্বায়ক কমিটিকে সম্প্রসারণ করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটি গঠনের পর এটিই জেলা বিএনপির প্রথম বড় সাংগঠনিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

 

 

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া সাঈদ বলেন, দলের উপজেলা ও পৌর কমিটিগুলোর মেয়াদ দীর্ঘদিন হওয়ায় সাংগঠনিক দুর্বলতা ও কিছুটা স্থবিরতা দেখা দেয়। এছাড়া কয়েকজন নেতা মৃত্যুবরণও করেছেন। এসব কারণে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, এখন পরবর্তী কাজ হচ্ছে জেলার অন্তর্গত উপজেলা ও পৌরসভার নয়টি ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা। এরপর তারা ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করবে। জেলা বিএনপির বর্ধিত সভায় আগামী এক মাসের মধ্যে উপজেলা ও পৌর কমিটিগুলো গঠনের সিদ্ধান্ত হয়েছে। 

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন পর জেলা বিএনপির এমন সাংগঠনিক পুনর্বিন্যাস তৃণমূল রাজনীতিতে নতুন গতি আনবে এবং দলকে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচির জন্য আরও প্রস্তুত করবে।