চলমান এসএসসি পরীক্ষায় গাফিলতি ও দায়িত্বহীনতা প্রমাণিত হওয়ায় মৌলভীবাজার পৌর শহরের ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল কেন্দ্রের সচিব মোহাম্মদ রেজাউল করিমসহ সব সদস্য ও ট্যাগ অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।
‘মৌলভীবাজারে দুই কেন্দ্রে পৃথক সেটে এসএসসি পরীক্ষা’ শিরোনামে যুগান্তরে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচড়ে বসে।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জরুরি অফিস আদেশের মাধ্যমে এ নির্দেশ প্রদান করেন। সদর উপজেলার হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম সরকারকে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট নতুন পরীক্ষা বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিতে ট্যাগ অফিসার দেওয়া হয়েছে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন ভুইয়া।
জানা যায়, বৃহস্পতিবার সিলেট শিক্ষা বোর্ডে পৌরনীতি, নাগরিকতা ও ব্যবসায় উদ্যোগ পরীক্ষা ছিল। বোর্ডের নিয়ম আনুযায়ী বোর্ডের সব কেন্দ্রে একই সেটে পরীক্ষা হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে সদর উপজেলা নির্বাহী অফিসার ৩নং সেটে পরীক্ষা নেওয়ার কথা বললেও ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাই স্কুল কেন্দ্রে ১নং সেটে পরীক্ষা নেওয়া হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শিক্ষার্থীদের খাতা দেখায় যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়টি নিয়ে বোর্ডের সঙ্গে কথা হয়েছে। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।