Image description

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার (১২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে কর্মশালা শেষে দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

ঘণ্টাব্যাপী মতবিনিময় সভার শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত শিক্ষার্থীদের বলেন, আপনারা কেমন আছেন সবাই। ভালো আছেন? আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে।

নিজ ক্যাম্পাস লাইফের স্মৃতিচারণ করে এ সময় তিনি বলেন, মনে হচ্ছে আজকে থেকে ৩৫ বছর আগে ফিরে গেছি।

জানা গেছে, ১১টার পর সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষ করে পায়ে হেঁটে সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে রওয়ানা দেন তিনি। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।

পরে মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে মতবিনিময় সভায় যোগ দিয়ে শুরুতেই তিনি বলেন, ইউজিসির প্রোগ্রাম শেষে আমাকে জিজ্ঞাসা করা হলো, গাড়িতে করে নাকি হেঁটে আসবো এখানে। এতবছর পর ক্যাম্পাসে এসে আমার খুব ইচ্ছে ছিল হেটে একটু দেখতে দেখতে আসব। কিন্তু সেই সৌভাগ্যটি আর হয়নি আমার।

এসময় তিনি মিলনায়তনের বাইরে ছাত্রদলের নেতাকর্মীদের দিকে লক্ষ্য করে তিনি বলেন, বুঝতেই পারছেন, বাইরে দেখে আন্দাজ করতে পারছেন। ইনশা আল্লাহ ক্যাম্পাসে আরেকবার আসতে হবে।