দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এ দেশ শাসন করেছে; তারা দেশীয় সম্পদকে অবহেলা করে আমদানিনির্ভর হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মঙ্গলবার (১২ মে) দুপুরে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য, কয়লা খনি, তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
এ সময় বিদ্যুৎমন্ত্রী বলেন, আমরা গত নির্বাচনে নির্বাচিত হয়েছি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন, আমরা জনগণের সরকার। জনগণের যে সম্পদ আছে, সে সম্পদ আহরণ করতে চাই। তিনি বলেন, দেশের উন্নতির জন্য সবার আগে দরকার জ্বালানি। আমাদের নিজেদের জ্বালানি থাকতে আমরা বিদেশ থেকে কেন আমদানি করব। সেজন্য আমরা বসেছিলাম, কীভাবে সবাইকে সন্তুষ্ট করে, সবাইকে একত্রিত করে নিজের দেশের জ্বালানি আহরণ করতে পারি; যা দেশের উন্নয়নে ব্যবহার করতে পারি।
কয়লাবিদ্যুৎ কেন্দ্র ব্যবহারের বিষয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে আমরা আলোচনা করেছি, একটি সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র কেন পুরোপুরি উৎপাদনে যেতে পারছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা চেষ্টা করছি তিনটি একসঙ্গে চালানোর জন্য।
এ সময় সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি, বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী মধ্যপাড়া পাথর খনি, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে বিদ্যমান সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।