Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যয় হয়েছে সাড়ে চার কোটি টাকা।

মঙ্গলবার (১২ মে) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাব জমা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত ওই হিসাব বিবরণী অনুযায়ী, নির্বাচনে দলটির মোট ব্যয় হয়েছে চার কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। এর মধ্যে ২২৫ জন প্রার্থীকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে চার কোটি টাকা, যেখানে গড়ে প্রতি প্রার্থী দল থেকে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা পেয়েছেন।

দলটির নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন খরচ হিসেবে এ ব্যয় দেখানো হয়েছে।

নির্বাচনী প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে আট হাজার ৭০০ টাকা, জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ দুই লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে নয় লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি।

এছাড়া বিবিধ খরচ হিসেবে আরও দুই লাখ টাকার হিসাব বিবরণীতে উল্লেখ করা হয়েছে।