Image description

নতুন কুঁড়ি উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সংরক্ষিত চেয়ার না পেয়ে কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন বসেছিলেন প্রথম সারির সর্বশেষ চেয়ারে।

গতকাল (২ মে শনিবার) কুমিল্লায় শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কুমিল্লা জেলা পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। অনুষ্ঠানটি জাতীয় ভাবে সিলেটে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুমিল্লায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।

কুমিল্লা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নতুন কুঁড়ি উদ্বোধনী অনুষ্ঠানটি সফল করার জন্য কুমিল্লার ১১টি আসনের সংসদ সদস্যদের দাওয়াত করা হয়েছিল। সংসদ সদস্যদের জন্য রাখা হয়েছিল সংরক্ষিত চেয়ার। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন এমপি সংরক্ষিত আসনে চেয়ার না পাওয়ার বিষয়টিকে দৃষ্টিকটু ভাবে দেখেছেন। ‌

কুমিল্লা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর আব্দুল্লাহ আল নূর আশেক বলেন, অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে দাওয়াত করা হয়েছিল। আমি বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম এমপি মহোদয় কখন এসেছেন খেয়াল করেনি।

অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম আমার দেশকে জানান, বৃষ্টির কারণে শহীদ ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেসিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানটি করা হয়। কুমিল্লা-৭ আসনের এমপি আসার আগেই অনেকেই চেয়ারে বসে গিয়েছিল। উনি আসার আগেই অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল‌। যার কারণে বিষয়টি ওইভাবে খেয়াল করা হয়নি।

নতুন কুঁড়ি অনুষ্ঠানের সংরক্ষিত চেয়ারে কেন বসতে পারেননি এ বিষয়ে জানতে কুমিল্লার-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।‌

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওন, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান, সদস্য সচিব তারেক মুন্সী, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, কুমিল্লা মডার্ন হাই স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার ।