সৌদি আরবে সব ধরনের ভিজিট ভিসাধারীদের জন্য হজ পালন নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিশেষ বিবৃতিতে মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, ভিজিট ভিসা নিয়ে আসা ব্যক্তিদের হজ করার কোনো সুযোগ নেই। হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হলে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা অফিশিয়াল হজ পারমিট বা অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৪৭ হিজরি সালের আসন্ন হজ মৌসুম সামনে রেখে এই বিধিনিষেধ জারি করা হয়েছে। মন্ত্রণালয় হজযাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সরকারি নিয়ম মেনে চলার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে যে, হজের নিয়ম লঙ্ঘন করে অনুমতি ছাড়া কেউ হজ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আওতায় বড় অঙ্কের জরিমানা ও দেশ থেকে বহিষ্কারের মতো দণ্ড দেওয়া হতে পারে।
অবৈধ হজযাত্রী বা নিয়ম লঙ্ঘনকারীদের তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মূলত হজের সময় ভিড় নিয়ন্ত্রণ এবং প্রকৃত হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রতি বছর এমন কঠোর অবস্থান নেয় সৌদি সরকার। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ওমরাহ বা ট্যুরিস্ট ভিসায় গিয়ে হজের চেষ্টা করা থেকে বিরত থাকতে বিদেশি নাগরিকদের প্রতি বারবার তাগিদ দিচ্ছে দেশটির প্রশাসন।