Image description

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি সাত দিনের সফরে জাপানে পৌঁছেছেন। শনিবার স্থানীয় সময় বিকাল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনটির কেন্দ্রীয় নেতা, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

এর আগে শনিবার ভোরে জাপান সফরের উদ্দেশ্যে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ডা. শফিকুর রহমান।

বিরোধী দলীয় নেতার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।

এই সফরে বিরোধীদলীয় নেতা বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা, বিভিন্ন সেমিনার এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করবেন। আগামী ৯ মে জাপান সফর শেষে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।