নারায়ণগঞ্জে প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে স্বস্তি দিতে শ্রমজীবী পথচারীদের মাঝে ঠাণ্ডা বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়াসহ বিভিন্ন স্থানে এ পানি বিতরণ করা হয়।
এসময় নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, মহানগর যুবদলের সদ্য সাবেক সভাপতি ও সিটি করপোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। তীব্র গরমে কষ্টে থাকা শ্রমজীবী মানুষ ও পথচারীদের কথা বিবেচনায় নিয়ে তাদের মাঝে বিশুদ্ধ ঠাণ্ডা পানি বিতরণ করা হয়।
খোরশেদ বলেন, ‘প্রচণ্ড তাপপ্রবাহে অতিষ্ঠ নগরবাসীর মাঝে স্বস্তি পৌঁছে দিতে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ব্যানারে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পানি বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘ভবিষ্যতে কর্মসূচির পরিধি বাড়িয়ে শশা, তরমুজসহ পানিসমৃদ্ধ ফল বিতরণের পরিকল্পনা রয়েছে, যাতে নগরবাসী কিছুটা হলেও স্বস্তি পায়।’