সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস মারা গেছেন। আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. আব্দুল কুদ্দুস বিএমইউর অপথালমোলজি বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। বিশ্ববিদ্যালয়টির সাবেক ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদেও দায়িত্ব পালন করেছেন তিনি।
শনিবার বিকেলে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দন্ত্য অনুষদের ডিন ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থ এক পোস্টে তার মৃত্যুর তথ্য জানান। ডা. সায়ন্থ লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বিএমইউর সাবেক ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল কুদ্দুস আজ দুপুর ২:২৫ ঘটিকায় বিএমইউর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আল্লাহ তাকে জান্নাত নসীব করুন।
এদিকে অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জিয়া পরিষদ। বিকেলে এক শোকবিবৃতিতে সংগঠনটি জানায়, আজ দুপুর আড়াইটার সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন জিয়া পরিষদের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। তার এই মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল লতিফ ও মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন।
বিবৃতিতে বলা হয়, আজ বিকেল ৫ ঘটিকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুক- আমীন।