Image description

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং এক্স-এ একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এটি রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান মল্লিককে জঙ্গি নেতা কর্তৃক পুড়িয়ে হত্যার দৃশ্য।

এরকম দাবি সম্বলিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

তবে দ্য ডিসেন্ট এর যাচাইয়ে দেখা গেছে,  দাবিটি সঠিক নয়। এটি রাজশাহীর কোনো আওয়ামী লীগ নেতাকে পুড়িয়ে হত্যার ভিডিও নয়; বরং ভারতে জ্বীন বা ভূত তাড়ানোর একটি ভিডিও।

ভিডিওটির কী-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে সম্পূর্ণ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। মূল ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন হুজুর জ্বীন বা ভূত ভর করা এক ব্যক্তিকে আগুনের কাছে নিয়ে ঝাড়ফুঁক করছেন এবং তারা হিন্দিতে কথা বলছেন।

ভিডিওতে সেই হুজুরকে বলতে শোনা যাচ্ছে, “তুমি কি তাকে (জ্বীনে ধরা ব্যক্তিকে) আর বিরক্ত করবে?” তখন জ্বীনেধরা ব্যক্তি উত্তর দিচ্ছেন, “না না, করব না, ছেড়ে দেব, ছেড়ে দেব! মায়ের কসম!” হুজুর পুনরায় জিজ্ঞেস করছেন, “তোমার কি কোনো চাওয়া আছে?” তখন জ্বীনেধরা ব্যক্তি বলছেন, “না, আমার কিছু চাওয়ার নেই।” তখন হুজুর আবার বলেন, ”হ্যাঁ? আরে বল”। তখন জ্বীনেধরা ব্যক্তি বলছেন, ”কিছুই নেই, মায়ের কসম।” এরপর  হুজুর পুনরায় জিজ্ঞেস করেন, ”গতকাল থেকে কেন তাকে বিরক্ত করছ? গতকাল আমি তোমাকে সম্মান দিয়ে ছেড়ে দিয়েছিলাম।” তখন জ্বীনেধরা ব্যক্তিকে  “হ্যাঁ, হ্যাঁ” বলতে শোনা যায়।

অর্থাৎ,ভারতের একটি ভিন্ন ঘটনার ভিডিওকে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান মল্লিককে জঙ্গি নেতা কর্তৃক পুড়িয়ে হত্যার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।