Image description

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের করা ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিং’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিএনপি সব সময়ই জনগণের সরাসরি ভোট ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাই ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক সৌজন্যবোধের পরিপন্থী এবং দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এ ধরনের বক্তব্যের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য আছে কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন।

মির্জা ফখরুল দাবি করেন, দেশের জনগণ অতীত অভিজ্ঞতার কারণে কিছু রাজনৈতিক দলকে বারবার প্রত্যাখ্যান করেছে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

ছাত্র রাজনীতির প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন, ক্যাম্পাসে অশান্ত পরিবেশ তৈরি করতে একটি চক্র সক্রিয় রয়েছে। তিনি সাধারণ শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানান।

শীর্ষনিউজ