একজন পার্লামেন্ট সদস্যের কি মর্যাদা তারা যদি জানত, তাহলে এভাবে আক্রমণ করত না বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য (এমপি) মাছুম মোস্তাফা।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় তার গাড়িতে হামলার প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মাছুম মোস্তাফা বলেন, একজন পার্লামেন্ট সদস্যের কি মর্যাদা তারা যদি জানত, তাহলে এভাবে আক্রমণ করত না। পার্লামেন্ট সদস্যের অধিকার ক্ষুন্ন হয়েছে। আগামী সংসদে আমি এই ঘটনার বিষয়ে স্পিকার, প্রধানমন্ত্রী ও সরকারি দলের দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দেব। এই সন্ত্রাসীদের নাম সেখানে উল্লেখ করব, ইনশাল্লাহ।
এর আগে, মাছুম মোস্তাফার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। উপজেলার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের গিরিপথ ফিলিং স্টেশনে তার গাড়িটি ভাঙচুর করা হয়। এ সময় তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখার হয়।
জামায়াত দলীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনার পূর্বধলায় গতকাল শুক্রবার সন্ধ্যায় এমপি মাছুম মোস্তাফা গিরিপথ ফিলিং স্টেশনে একটি ব্যক্তিগত গাড়ি নিয়ে যান। তখন পাম্পের মালিকের সঙ্গে কথা বলে সেখানে একটি কক্ষে নামাজ পড়তে যান। এর কিছুক্ষণ পর ১৫টির মতো মোটরসাইকেলে ২০ থেকে ২৫ জন যুবক পাম্পে এসে মোটরসাইকেলে তেল নিতে চান। এ সময় তারা সেখানে হট্টগোল সৃষ্টি করেন। এক পর্যায়ে তারা মাছুম মোস্তফার গাড়িটি ভাঙচুর করেন। এ সময় মাছুম মোস্তফা নামাজ শেষ করে ঘর থেকে বের হলে বিক্ষুব্ধ যুবকেরা তাকে ধাওয়া করে সেখানে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীন জাহান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিদারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাছুম মোস্তফাকে উদ্ধার করেন।
মাছুম মোস্তাফা বলেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন বিএনপির সন্ত্রাসী বাহিনী আজকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আপনাদের নির্বাচিত নির্বাচিত জনপ্রতিনিধিকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ চালায়। আমরা আতকাপাড়া পাম্পে নামাজের বিরতি দেই। গাড়ি রেখে পাম্পে আমরা নামাজরত ছিলাম। আমরা তখন মসজিদে মাগরিবের নামাজ পড়তেছি। এই সময় পূর্বধলা থেকে বিএনপির সন্ত্রাসী বাহিনী গিয়ে আমাদের গাড়ির উপর আক্রমণ করে এবং আমাকে হত্যা করার জন্য তারা চেষ্টা চালায়।
তিনি বলেন, তারা মসজিদের দরজা ভাঙার জন্য অনেক চেষ্টা চালায়। কিন্তু মুসল্লিদের প্রতিযোগিতার কারণে সেটা তাদের পক্ষে সম্ভব হয়নি। মসজিদের মুসল্লিরা দরজা বন্ধ করে দিয়ে আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। আমি তখন মসজিদের ভেতর থেকে এসপিকে ফোন দিই এবং ৯৯৯ এ ফোন দিই। পুলিশের সহযোগিতায় আমাকে সেখান থেকে উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম জানান, পেট্রোল পাম্প থেকে তেল নিতে গেলে কিছু লোক এমপির গাড়িতে হামলা করেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।