Image description

ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জেরে দাওয়াত খেয়ে ফেরার পথে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া বাজার ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গট্টি ইউনিয়নের আধিপত্য বিস্তার নিয়ে জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরের মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ ছিলো। বর্তমানে দুজনেই বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। তবে এরআগে তারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন। বেশ কয়েকবার এই দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এরই জের ধরে শুক্রবার বিকেলে দাওয়াত খেয়ে ফেরার পথে জাহিদ মাতুব্বরের সমর্থক আরিফ মাতুব্বরকে ভ্যান থেকে নামিয়ে মারধর করে নুরু মাতুব্বরের সমর্থকরা। এ খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সন্ধ্যায় উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। টর্চলাইট জ্বালিয়ে চলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া। উভয়পক্ষের অন্তত ২০ থেকে ২৫টি বসতঘর ভাঙচুর করা হয় এবং একটি বাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া জাহিদ মাতুব্বরের সমর্থক আবুল শেখের তিনটি গরু লুট করে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন তিনি। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

এ বিষয়ে জানতে বিএনপি নেতা জাহিদ মাতুব্বর ও নুরু মাতুব্বরকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি। পরে তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল বৃদ্ধি করা হয়েছে। আমাদের তদন্ত চালমান আছে। সংঘর্ষের বিষয়ে কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।