জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু বলেছেন, ২০২৬ সালে এসে ১৯৯৪ সালের মাগুরার উপনির্বাচন উপহার দিল বিএনপি। তিনি বলেন, এটা কোনোভাবেই কাম্য নয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে একথা বলেন ডা. মাহমুদা মিতু। এসময় তিনি জামায়াত নেতার রক্তাক্ত ছবিও শেয়ার করেন। তবে রক্তমাখা ছবির লোকটি মারা গেছেন নাকি আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন তা স্পষ্ট করেননি মিতু।
ডা. মিতু বলেন, ‘শেরপুরে আজকে জামায়াতের কর্মীকে আঘাত করে মাথার খুলি বের করা হয়েছে। জামায়াতের নারী এজেন্টদের আটকে রাখা হয়েছে। ইঞ্জিনিয়ারিং করে এতগুলো সিট পাওয়ার পর ও ২০২৬ সালে এসে ১৯৯৪ সালের মাগুরার উপনির্বাচন উপহার দিল। কী আশ্চর্য, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না।’
শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে শেরপুর-৩ আসন। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ হয়েছে বৃহস্পতিবার। এর আগে শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্থগিত করা হয়।
আসনটিতে কারচুপির অভিযোগ এনে বেলা ৩টার দিকে ভোট বর্জন করে জামায়াত মনোনীত প্রার্থী।