সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নের জন্য জুলাই আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কথা বলার সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১০ এপ্রিল) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আজ বেলা ১১টা থেকে ফরম বিক্রি শুরু হয়। ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।
প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে পারবেন ১২ এপ্রিলের মধ্যে এবং জমা দেয়ার সময় জমানত হিসেবে ৫০ হাজার টাকা দিতে হবে।
আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল।
শীর্ষনিউজ