Image description

সাতক্ষীরার আশাশুনিতে এলাকায় ফিরেই বিএনপির এক কর্মীর হাত-পা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের চৌধুরী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মহসিন কবির (৩৫) শ্রীউলা গ্রামের মৃত সালাম সরদারের ছেলে। তিনি শ্রীউলা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

মহসিন জানান, গত ৫ আগস্টের পর থেকে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক ছিলেন। ঈদের আগের দিন তারা এলাকায় ফিরে আসেন। এ সময় পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদধারী রাশেদ, নাছিম, সাহেদ ও জাহাঙ্গীরসহ ১০-১২ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর জখম করে।

স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা এলাকায় আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। অতীতেও তারা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতরা একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য বলে দাবি করেন তারা।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ খান বলেন, “মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। মহসিন নামে একজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের কোনো বড় নেতা নন, স্থানীয় কর্মী সমর্থক হতে পারেন বলে শোনা গেছে। তবে এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।”

 

শীর্ষনিউজ