সিলেটে গরুর মাংসের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে স্বেচ্ছাসেবক দলের দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে নগরের মদিনা মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার জেরে সিলেট মহানগর স্বেচছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব ও সদস্য গোলাম রব্বানীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বলেন, সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কেন্দ্র থেকে তথ্য যাচাই-বাছাই করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় আজিজ খান সজিব ও গোলাম রব্বানীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গরুর মাংসের দাম নিয়ে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, বৃহস্পতিবার বিকেলে মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে কথাকাটাকাটির জেরে দুপক্ষের হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে দুপক্ষই চলে যায়। রাতের দিকে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।