Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির পরিচিত মুখ ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মনজুরুল আলম রিয়াদ সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে বর্তমান ছাত্ররাজনীতির নানা সমস্যা, আন্দোলনের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

রিয়াদ বলেন, বর্তমান ছাত্ররাজনীতির তিনটি বড় সংকট রয়েছে। প্রথমত, রাজনৈতিক কর্মপরিকল্পনা ঠিকভাবে নির্ধারণ করা যায় না। দ্বিতীয়ত, রাজনীতিতে নারীদের জন্য উপযোগী পরিবেশ তৈরি করা হয়নি। তৃতীয়ত, গুজব, প্রোপাগান্ডা এবং বিভ্রান্তিকর কনটেন্টের দ্রুত বিস্তার। তিনি উল্লেখ করেন, শুধু মেধা যথেষ্ট নয়, নৈতিকতা ও দেশপ্রেমও সমান গুরুত্বপূর্ণ।

তিনি নিজের রাজনীতিক জীবন ও তৃপ্তি নিয়েও কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে আসা পর্যন্ত তার রাজনৈতিক যাত্রা নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছেন।

রিয়াদ ছাত্রদলের জন্য ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরেছেন। তিনি বলেন, কমিটিতে ত্যাগ, তিতিক্ষা ও গ্রহণযোগ্যতা বিবেচনা করা হয়। নেতৃত্বে থাকলে তিনি সংগঠনকে আরও নিয়মতান্ত্রিক ও গতিশীল করতে চান।

তিনি আশা করেন, আগামী ১০ বছরে ছাত্রদল এমন একটি অবস্থানে থাকবে, যেখানে ছাত্রদল করা মানেই সমাজে একজন ভালো মানুষ ও দেশপ্রেমিক হিসেবে স্বীকৃতি পাওয়া।

তরুণ প্রজন্মের জন্য রিয়াদের বার্তাও স্পষ্ট। তিনি পরামর্শ দিয়েছেন মাদক থেকে দূরে থাকা, তথ্য যাচাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করা, গুজব না ছড়ানো এবং নিজের বিবেক অনুযায়ী দেশের প্রতি দায়বদ্ধ থাকা।