Image description

জাতীয় ছাত্রশক্তির সাবেক কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. মহিউদ্দিনের বাড়িতে হামলা চালিয়েছে দৃর্বৃত্তরা। শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে তারাবির নামাজের সময় মো. মহিউদ্দিনের চাঁদপুরের বাসায় হামলা চালানো হয়। দুর্বৃত্তরা বাড়ির আঙিনায় ইট নিক্ষেপ করে এবং বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে।

মো. মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ২০২০-২১ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার দাবি, এই হামলা ছাত্রলীগের নেতাকর্মীরা করেছে।

মো. মহিউদ্দিন এশিয়া পোস্টকে বলেন, আমি গত রাতে সেহরির সময় ঢাকা থেকে বাড়িতে আসি। আমি বাইরে ছিলাম। বাসা থেকে ফোন দিয়ে জানায়, বাড়িতে কারা যেন ইট ছুড়ছে এবং গেট ভাঙার চেষ্টা করছে। পরে এলাকাবাসী এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেউ আহত হয়নি। তবে আঙিনায় আমার বয়স্ক দাদি বসে ছিলেন। দুর্বৃত্তদের নিক্ষেপ করা ইট তার গায়ে লাগতে পারত।

হামলাকারীদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হামলাকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমি মনে করি, এই হামলা ছাত্রলীগ করেছে। পাভেলের মায়ের দায়ের করা মামলায় আমাকে আসামি করা হয়েছে।

গত ৯ মার্চ সেহরির সময় বুয়েট ক্যান্টিনে ছাত্রলীগ সন্দেহে হামলার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২০২০-২১ শিক্ষাবর্ষের দর্শন বিভাগের শিক্ষার্থী রাহিদ খান পাভেল। পরে তার মা পারভীন আক্তার শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ১০ মার্চ দায়ের করা মামলাটি তিনি প্রত্যাহার করে নেন।

এদিকে বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। তিনিও গত ৯ মার্চ পাভেলকে মারধরের মামলার আসামি ছিলেন।