Image description
মিনার রশীদ

মিনার রশীদ

 

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি মূলত একটি আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া। কিন্তু ডি-আওয়ামীফিকেশন (De-Awamification) সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। এটি একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক, বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক প্রক্রিয়া। এই প্রক্রিয়া শুরু না করে শুধু আইনগত ও সাংবিধানিকভাবে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন করা সম্ভব হবে না।

সুতরাং, আমাদের নতুন করে কোনো ফর্মুলা বা কৌশল উদ্ভাবনের প্রয়োজন নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে নাৎসিবাদ নির্মূলের লক্ষ্যে যে ডি-নাজিফিকেশন (De-Nazification) প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, সেখান থেকেই শিক্ষা নেওয়া যেতে পারে। সেই অভিজ্ঞতার আলোকে ডি-আওয়ামীফিকেশনের একটি কার্যকর রূপরেখা তৈরি করা সম্ভব। লক্ষ্য হবে শুধু একটি দলের সাংগঠনিক অস্তিত্ব বিলুপ্ত করা নয়; বরং তার কর্তৃত্ববাদী রাজনৈতিক দর্শন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ, ব্যক্তিপূজা এবং সমাজ ও সংস্কৃতিতে প্রোথিত স্বৈরতান্ত্রিক মানসিকতার অবসান ঘটানো। বিশ্ব পরিসরে এ রকম শক্তিশালী নমুনা (ডি-নাজিফিকেশন) এবং জুলাইকে নিয়ে জাতিসংঘের তদন্ত রিপোর্ট আমাদের জন্য বড় নৈতিক সমর্থন হিসেবে কাজ করবে।

 

এ বিষয়টি নিয়ে ২০২৫ সালের ২৯ মার্চ ‘ডি-নাজিফিকেশনের হাত ধরেই ডি-আওয়ামীফিকেশন সম্ভব’ শীর্ষক লেখাটিতে বিস্তারিত লিখেছিলাম। সেই লেখাটি আমার ফেবু পেজ থেকে আবার শেয়ার করেছি। আগ্রহীরা আমার দেশ-এর আর্কাইভ থেকে কিংবা আমার ফেবু পেজ থেকে দেখে নিতে পারেন।

 

গত কয়েক দিনে গোপালগঞ্জসহ অন্যান্য এলাকায় আওয়ামী সন্ত্রাসীরা যে তাণ্ডব সৃষ্টি করেছে, সরকারি দলের কয়েকজন নেতাকে যেভাবে হত্যা করেছে, গোপালগঞ্জ দিয়ে অতিক্রম করা বাসযাত্রীদের যেভাবে ‘জয় শ্রীরাম’ স্টাইলে জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করেছে এবং তাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে যেভাবে হামলা করেছে, তাতে এই সন্ত্রাসী গ্রুপটি সম্পর্কে নতুন করে ভাবিয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম ক্ষোভের স্বরে বলেছেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে। আগে বিএনপির অনেকেই আওয়ামী লীগকে ‘বনসাই’ বানিয়ে বাঁচিয়ে রাখার যে চিন্তা করতেন, তারাও তাদের সেই চিন্তা থেকে বেরিয়ে এসেছেন। আওয়ামী লীগকে কেন বেগম খালেদা জিয়া সাপের সঙ্গে তুলনা করেছেনÑ তার মর্মবাণীও গোপালিদের নতুন আস্ফালন দেখে বিএনপির অনেকে উপলব্ধি করতে শুরু করেছেন।

 

আওয়ামী লীগকে নিয়ে স্পষ্টতই বিএনপি কঠোর অবস্থানে যাচ্ছে। লীগকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া বিএনপি নেতাদের তালিকা তৈরির খবর পাওয়া গেছে। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী। এতদিন চুপ থেকে সহ্য করলেও আওয়ামী শাবক ফজলুর রহমানকে নিয়ে বিএনপি নেতারাও এখন সোচ্চার হওয়া শুরু করেছেন । তাকে ‘নির্বোধ’ ডেকে নিজের হতাশা প্রকাশ করেছেন মরহুম সাইফুর রহমানের ছেলে এম নাসির রহমান।

তবে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক বানিয়ে রাখতে চাচ্ছে বা ইনিয়ে-বিনিয়ে তাদের রাজনীতিতে ফিরিয়ে আনার বয়ান ছড়াচ্ছেÑবিএনপির সঙ্গে বাইচান্সে যুক্ত হওয়া কিছু খুচরো দলের ততোধিক খুচরো নেতা। প্রধানমন্ত্রীর কাছ থেকে বাইচান্সে ফোন পাওয়া কয়েকজন সাংবাদিকও তাদের এই হঠাৎ অর্জিত গুরুত্বকে ক্যাপিটালাইজ করে লীগের পক্ষে ‘গলা খাঁকারি’ দিচ্ছেন। সাংবাদিক ও খুচরা রাজনীতিবিদ মিলে প্রকাশ্য আওয়ামী মাজনুনদের এই সংখ্যা এই মুহূর্তে সর্বাধিক ১০/১২ জন।


এদের কয়েকজনের কাজ সরকারি দল ও বিরোধী দলের মধ্যে তিক্ততা বাড়ানো। আবার কেউ কেউ জামায়াতকে মাঝেমধ্যে মাথায় তুলে ফেলেন। বিষয়টি খুবই চমকপ্রদ ও কৌতূহলোদ্দীপক । আওয়ামী লীগকে প্রাসঙ্গিক বানাতে গিয়ে বিরূপ সমালোচনার মুখে পড়লে বাকি কজন হঠাৎ জামায়াতে ইসলামীর উচ্ছ্বসিত প্রশংসা শুরু করে দেন। কারণ অনলাইনে জামায়াতের একটা বিরাট সমর্থকগোষ্ঠী রয়েছে। দেখা যায়, লীগের বয়ান তৈরির অপরাধে যতটুকু ডুবেছিলেন, জামায়াতের প্রশংসা করে ততটুকু ভেসে ওঠেন ।

 

এই ফ্যানোমেনাটির একটি তরতাজা উদাহরণ আপনাদের সমীপে এখনই পেশ করছি। জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী ফ্যাসিবাদের অন্যতম সহযোগী হয়েও তিনি তার সুশীলত্ব ধরে রেখেছেন। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার বয়ান তৈরি করার মধ্যে তিনি অন্যতম একজন। দিন কয়েক আগে তিনি বলেছেন, ‘সততার দিক দিয়েও জামায়াতের একটা ইমেজ আছেÑতারা ঘুস খায় না, দুর্নীতি করে না। জামায়াত তাদের সততার একটা মেসেজ দিতে পেরেছে, যা বিএনপি দিতে পারেনি।’

 

সাংবাদিক মাসুদ কামাল এবং রাজনীতিবিদ থেকে বর্তমানে ফুলটাইম রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি, ব্যারিস্টার রুমিন ফারহানা জামায়াতের একই কিসিমের কৌশলগত প্রশংসাকারী। রুমিন ফারহানাও জামায়াতের ব্যাপারে মাঝেমধ্যে প্রশংসাসুলভ কথা বললেও তার প্রাক্তন দলটির বিরুদ্ধে অত্যন্ত নির্মম।

 

রুমিন ফারহানা ১৭ নভেম্বর ২০২৬ রাতে একটি টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের ক্ষমা চাওয়া প্রসঙ্গে বলেছেন, তারা ক্ষমা চাইবে কি না, তা তিনি জানেন না, তবে তিনি আওয়ামী লীগ হলে ক্ষমা চাইতেন না। তিনি মন্তব্য করেছেন যে জাতীয় সংলাপ আয়োজন করতে হলে আওয়ামী লীগকেও আলোচনার টেবিলে রাখতে হবে।

 

বিএনপির প্রতি রুমিন ফারহানার আক্রোশ দেখে মাঝেমধ্যে ভয় লাগে। মনে হয় বিএনপি যদি কোনো মানুষ হতোÑতবে এই রুমিন ফারহানা রাসুল (সা.)-এর চাচার কলিজা চিবিয়ে খাওয়া হিন্দার মতো বিএনপির কলিজাটি চিবিয়ে খেতেন ।

রুমিন ফারহানা তার প্রাক্তন দলের কলিজা চিবিয়ে খেতে চাইলেও বিপরীত অবস্থান নিয়েছেন বিএনপিদলীয় এমপি ফজলুর রহমান। তিনি তার প্রাক্তন দলের জন্য বরং নিজের কলিজা ছিঁড়ে দিচ্ছেন। তিনি যুক্তি বা ভয় দেখাচ্ছেনÑআওয়ামী লীগ নিষিদ্ধ করলে তা নাকি লোহার বাঁধ ভেঙে ফেলবে।

আসলেই কী তাই?

 

দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার করা আওয়ামী লীগের টাকার অভাব নেই, মগজে ইবলিশি বুদ্ধিরও কমতি নেই। কাজেই অনেক ষড়যন্ত্র করার ক্ষমতা থাকলেও একটা অভ্যুত্থান সৃষ্টির নৈতিক বল কখনোই হবে না। জাতির সাইকি বা কালেক্টিভ মেমরিতে আওয়ামী লীগ যে স্থায়ী ক্ষত সৃষ্টি করেছে, তা আগামী একশ বছরেও মুছে যাবে না।

 

অনেকেই প্রশ্ন করতে পারেন, গণতন্ত্রের একজন শক্ত নকিব হওয়ার পরও কেন একটি দলকে নিষিদ্ধ করার পক্ষে ওকালতি করছি? আমাকে এই প্রশ্ন করার আগে নিজেকে প্রশ্ন করে জেনে নিনÑআপনি যে দলটিকে রাজনৈতিক দল হিসেবে মনে করছেন, সেটি আদতেই রাজনৈতিক দল হিসেবে অবশিষ্ট আছে কি না? রাজনৈতিক দল হিসেবে এর প্রথম মৃত্যু হয়েছে ১৯৭২-৭৫ সালে । দ্বিতীয় মৃত্যু হয়েছে ২০০৯-২৪ সালে। এখন যেন আবার লাইফ লাইন না পায়Ñসেই পার্মানেন্ট ব্যবস্থাটি নিতে হবে।

 

নিজের মনমতো হিসাব উপস্থাপন করে কেউ বলছেন, ২০ শতাংশ, আবার কেউ বলছেন ৩০ শতাংশ মানুষ আওয়ামী লীগের রাজনীতির সমর্থক। কিন্তু বাস্তবতা হলো, দলটির রাজনৈতিক প্রভাব থেকে মানুষের সরে আসার প্রক্রিয়া তাদের শাসনামলের শেষ দিকেই শুরু হয়েছিল। ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে ভোটার উপস্থিতির করুণ চিত্র লজ্জাহীন আওয়ামী সরকারকেও লজ্জায় ফেলে দিয়েছিল । যদিও ‘আমি আর ডামি’র মধ্যে একটা কঠিন প্রতিযোগিতা সৃষ্টি করে সর্বাধিক ভোটার উপস্থিত করানোর কৌশল নেওয়া হয়েছিল।

 

বিষয়টি নিয়ে দেশের ওয়াকিবহাল মহল তো বটেইÑবিজেপির থিংক ট্যাংক বলে বিবেচিত অধ্যাপক শ্রীধারা দত্তের মতামত ছিল যে ভোটারের উপস্থিতি ৪/৫ শতাংশের বেশি হয়নি। হাসিনা সরকারের আরেক বড় সমর্থক বীণা সিক্রিও এই কম ভোটার উপস্থিতির কথা স্বীকার করেছিলেন। ভোটারদের উপস্থিতি এতটাই কম ছিল যে নির্বাচন কমিশন দিনভর এই সংখ্যা ২৮ শতাংশের ওপরে দেখাতে সাহস করেনি। কিন্তু দুই কান কাটা হাবিবুল আওয়াল সেটাকেই শেষমেশ ৪১ শতাংশ বানিয়ে ফেলে।

 

আমার ব্যক্তিগত মূল্যায়ন হলো, একসময় ৩০ শতাংশের কাছাকাছি থাকা আওয়ামী লীগের সমর্থকগোষ্ঠী তাদের শাসনামলের শেষদিকে এসে ব্যাপকভাবে সংকুচিত হয়ে পড়েছিল। দলটির ওপর থেকে অনেকের মোহ ভেঙে যায়। শেষ মুহূর্ত পর্যন্ত যারা দলটির প্রতি আনুগত্য ধরে রেখেছিলেন, তাদের সংখ্যা ৫ শতাংশের আশপাশে হতে পারে। অর্থাৎ ৩০ থেকে ৫ শতাংশের নিচে নেমে আসার এই বাস্তবতাটিই ডি-আওয়ামীফিকেশনের শুরু বলে ধরা যায়। অর্থাৎ আওয়ামী রাজনীতি করতে না পারলে দম বন্ধ হয়ে মারা পড়বেÑএ রকম সংখ্যা ৫ শতাংশের চেয়েও কম।

 

কিন্তু জনগণের পক্ষ থেকে পাঠানো এই সংকেতটি দেশের সবচেয়ে পুরোনো দলের দাবিদার এই দলটি ধরতে পারিনি। যে পাশবিক শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে পারেনিÑএখন সেই শক্তি প্রয়োগ করে ক্ষমতায় ফিরতে চাচ্ছে।

তারপরও যারা ইনিয়ে-বিনিয়ে আওয়ামী রাজনীতিকে আবার প্রাসঙ্গিক বানাতে চাচ্ছেনÑতাদের সমীপে দুটি কথা।

কল্যাণীয়াসু (ভগিনী)/কল্যাণীয়েষু (ভ্রাতা) ।


আপনারা আজ গণতন্ত্রের এমন এক যমের রাজনৈতিক অধিকার নিয়ে আওয়াজ তুলছেন, যারা দু-দুবার গণতন্ত্রের গলা টিপে ধরেছিল। আপনারা এখন গণতন্ত্রের গলা তৃতীয়বার চেপে ধরার সুবন্দোবস্ত করতে চাচ্ছেন। আপনারা এমন এক ভয়ংকর ফ্যাসিবাদী শক্তির রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়া নিয়ে মায়াকান্না শুরু করেছেনÑযারা পুরো দেশের রাজনৈতিক অধিকার ছিনিয়ে নিয়েছিল। আপনারা এমন ভোট চোরদের রাজনৈতিক অধিকার চাচ্ছেন, যারা জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে গণতন্ত্রকে একটা প্রহসনে পরিণত করেছিল। আপনারা সবকিছু এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ধিক শত ধিক। আপনাদের এই গোল্ড ফিশ মেমরিকে ।

 

আপনারা এমন এক গোলাম বা পাপেটদের অধিকার নিয়ে ওকালতি করছেন, যাকে পাশের দেশ তার উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী ডেকেছিল এবং ওই সম্বোধনকে যিনি পুলকিত চিত্তে মেনে নিয়েছিলেন । আপনারা এমন এক লেন্দুপ দর্জির অধিকারের জন্য ওকালতি করছেন, যিনি বলেছিলেন ভারতকে যা দিয়েছি, তা কোনোদিন ভুলবে না।

 

আপনারা এমন এক গোলামদের জন্য আবার গোলামির লাইসেন্স ফিরিয়ে দিতে চাচ্ছেন, যাদের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সম্মেলন করে জানান যে আমি ভারতকে বলে এসেছি, তারা যেন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনেন। আপনারা এমন এক বাজিকরদের (বিচারপতি হাবিবুর রহমান এই খেতাবটি দিয়েছিলেন) রাজনৈতিক অধিকার নিয়ে পেরেশান হয়ে পড়েছেন, যারা পুরো জাতিকে অন্য আধিপত্যবাদী দেশের রক্ষিতা বানিয়ে ফেলেছিল।

 

ধিক শত ধিক আপনাদের এই মানসিক বিভ্রান্তিকে।

 

আপনারা এমন এক দস্যুরানি বা বেন্ডিট কুইন ও তার শিষ্যদের রাজনৈতিক অধিকার নিয়ে মায়াকান্না শুরু করেছেন, যারা পুরো দেশটিকে ‘ডাকাতদের গ্রাম’ বানিয়ে ফেলেছিল। আপনারা এমন এক রক্তপিপাসু হায়েনার জন্য রাজনৈতিক অধিকার চাচ্ছেন, যারা রাজনৈতিক বিরোধিতাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করেছিল।

 

এই হায়েনারা এক-এগারোর সাঙ্গপাঙ্গদের নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নৃশংসতম উপায়ে নির্যাতন করেছেন। এই পাষণ্ডরা এই মাটির সবচেয়ে আদরের সন্তান জিয়ার আরেক পুত্রকে বিদেশ-বিভুঁইয়ে হার্টফেল করিয়ে মূলত হত্যা করেছিল। তারই প্রিয়তমা স্ত্রী এবং এই মাটির দ্বিতীয় আদরের সন্তান বেগম জিয়াকে এই মানবতার দুশমনরা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী শুধু মানসিক আঘাতেই জর্জরিত হননি, শারীরিক আঘাতের বেদনাও এখনো বয়ে বেড়াচ্ছেন। এতিমদের টাকা ভক্ষণের অভিযোগ এনে বেগম খালেদা জিয়াকে জেলে ভরে জীবনের শেষ বছরগুলো নিজের আপনজনদের সান্নিধ্য থেকে বঞ্চিত করেছিল। অথচ সেই দুই কোটি টাকা ব্যাংকে গচ্ছিত থেকেই ছয় কোটি টাকা হয়েছিল।


একুশে আগস্টে নিজেরাই গ্রেনেড হামলা করে এবং কৌশলে জজ মিয়া নাটক করে এই বাজিকররা বর্তমান প্রধানমন্ত্রীসহ অনেককেই ফাঁসিয়েছিল। মুক্তাঙ্গন থেকে সেই সমাবেশটি কেন কয়েক ঘণ্টা আগে আওয়ামী লীগের অফিসের সামনে আনা হলোÑসেই প্রশ্নেরও সুরাহা আজও করা গেল না। জুলাই বিপ্লব সংঘটিত না হলে এই নিরপরাধ মানুষগুলোর অনেকেরই ফাঁসি হয়ে যেত। মুফতি হান্নানের কথিত জবানবন্দি ঘিরেও অনেক প্রশ্নের সৃষ্টি হয়েছিল। মুফতি হান্নানকে তড়িঘড়ি ফাঁসি দিয়ে সেসব সত্য কবরস্থ করা হয়। এ রকম অনিয়ম-অবিচার-জুলুম নিয়ে শত শত পেজ লেখা সম্ভব, যা এই কলামে স্থান দেওয়া সম্ভব নয়।

 

যাদের এসব ইতরামো দেখে ইবলিস শয়তানও থমকে গিয়েছিলÑআপনারা সেই বিতাড়িত শয়তানকে ফিরিয়ে আনার কোশেশ গাওয়া শুরু করেছেন। আপনারাই আবার বিএনপিপ্রেমিক, আপনারাই আবার তারেক রহমান-প্রেমিক।

প্রিয় ব্রাদার এবং সিস্টাররা ।

 

আপনারা এখন সেই নিষ্ঠুর সাইকোদের আবার সেই জায়গায় ফেরাতে চাচ্ছেন, যাতে আবার এসে হাজার হাজার হত্যা, গুম করতে পারে, আবার কয়েকশ আয়না ঘর তৈরি করতে পারে, আবার জিয়াউল আহসানদের মতো সিরিয়াল কিলার তৈরি করতে পারে, নিরীহ আলেমদের জঙ্গি সাজিয়ে শিশু সন্তান-নারীসহ পুরো বাড়ি বোমার আঘাতে উড়িয়ে দিতে পারে, একটা ধর্মকে জঙ্গিবাদের অপবাদ দিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিতে পারে, নিরীহ মাদরাসাছাত্রদের রক্ত দিয়ে আবার একটা শাপলা চত্বরের হোলি খেলায় মত্ত হতে পারে, আবার একটা পিলখানা ট্র্যাজেডি তৈরি করতে পারে, আবার জুডিশিয়াল মার্ডারের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে খতম করতে পারে এবং তাকে কেন্দ্র করে আবার সাতক্ষীরা গণহত্যা চালাতে পারে।

 

আপনারা এমন এক মাফিয়া রানি এবং তাদের মাফিয়াতন্ত্র ফিরিয়ে আনার সুপারিশ করছেন, যারা দেশের অর্থনীতিকে দু-দুবার তলাবিহীন ঝুড়ি বানিয়েছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, কুইক রেন্টাল, পদ্মা সেতু, উড়াল সেতুসহ সব মেগা প্রকল্প থেকে কমপক্ষে ২৩৪ বিলিয়ন ডলার লুট করে পাচার করেছে। শত শত অলিগার্ক তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য। Global Financial Integrity (GFI)-এর তথ্য থেকেই এই হিসাবটি টানা হয়েছে।

 

আপনারা এমন এক সাইকো গ্রুপের রাজনৈতিক অধিকারের জন্য পেরেশান হয়ে পড়েছেন, যারা ৫৫ বছর ধরে জাতিকে ক্রমাগত বিভক্ত করেছে, জাতির হৃদয়ে অনেক রক্তক্ষরণ ঘটিয়েছে। ওদের এই বিষাক্ত রাজনৈতিক দর্শনে শত্রু আছে, প্রতিপক্ষ নেই।

 

আওয়ামী ফ্যাসিবাদ তাদের বিরোধী মতকে নির্মূল করতে এবং সারা দেশকে জেলখানা বানানোর যে উদ্যোগ নিয়েছিলÑআমরা হুবহু বিপরীতমুখী কিছু করার পরামর্শ দিচ্ছি না। সারা দেশের মানুষকে একটি কমফোর্ট জোনে আনতে হবেÑসর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

 

দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতেই ফ্যাসিবাদী রাজনীতির কবর রচনা করতে হবে। আগামী একশ বছর ডি-আওয়ামীফিকেশনের স্পিরিট উজ্জীবিত রাখতে হবে। অনন্ত যুদ্ধ শুরু হয়ে গেছে। হয় গণতন্ত্র থাকবে, নয় আওয়ামী বাকশাল থাকবে।

 

আওয়ামী লীগ নিষিদ্ধ হলেই দলটির সাধারণ সমর্থকদের রাজনীতি করার মৌলিক অধিকার ব্যাহত হবে না। চিহ্নিত ক্রিমিনালদের শাস্তির পর বাদবাকিরা হয় যেকোনো গণতান্ত্রিক দলে যোগদান করবেন অথবা নিজেরা একটা গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করবেন । তবে সেই দলটি হতে হবে বাংলাদেশেরÑভারত বা অন্য কোনো দেশের নয়।

 

ছাত্রদলের প্রাক্তন সভাপতি শাহাবুদ্দিন লাল্টুভাই সুন্দর যুক্তি দিয়েছেন। রাষ্ট্রের পাঁচ কোটি মানুষ যদি ইয়াবা খেতে চায়, অধিকাংশ ছাত্ররা যদি নকল করতে চায়, তবে রাষ্ট্র সেই অনুমতি দিতে পারে না। ইয়াবা খাওয়া নিষিদ্ধ থাকলেও একই খাদকের জন্য অন্যান্য খাবারের ওপর এই নিষেধাজ্ঞা থাকবে না। আওয়ামী নামক বাকশালী ইয়াবার ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য।

আজকের কলামটি গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত ‘আওয়ামী লীগ নিষিদ্ধ কেন জরুরি’ শীর্ষক লেখাটিরই একটি বর্ধিত অংশ।